আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে সংসদ শুরু হতে পারে না: আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার

রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে সংসদ শুরু হতে পারে না: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কোনোভাবেই নতুন সংসদের অধিবেশন রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে শুরু হতে পারে না। এমনটি হলে তিনশো সংসদ সদস্যকেই জনগণের কাছে জবাবদিহির মুখোমুখি হতে হবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

আসিফ মাহমুদ বলেন, এই সংসদের পবিত্রতা রক্ষার জন্য প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতিকে অভিশংসন করার প্রক্রিয়া শুরু করতে হবে। কোনোভাবেই এই সংসদ রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে শুরু হতে পারে না। যদি তা শুরু হয় আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং আমরা সকলে তিনশো জন সংসদ সদস্যকে প্রশ্নবিদ্ধ করবো। তিনশো জন সংসদ সদস্যকে এটার জবাব দিতে হবে।

তিনি বলেন, আমাদের সংসদ সদস্যরা সেখানে তাদের বক্তব্য রাখবেন। আমরা প্রত্যাশা করবো যে আপনারা যারা জনগণের রায় নিয়ে নির্বাচিত হয়েছেন, তারা ফ্যাসিবাদের সর্বশেষ উচ্ছিষ্ট রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে আপনাদের প্রথম অধিবেশনে কলঙ্কিত হবেন না।

‘জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে’ অভিযোগ করে তিনি বলেন, জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা আগে থেকেই ছিল। ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালেই বিএনপির বিভিন্ন মহল থেকে আদালতের মাধ্যমে ভিন্ন পথে যাওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সাম্প্রতিক আদালতের শুনানি সেই আশঙ্কাকেই স্পষ্ট করেছে বলে দাবি করেন তিনি।

এনসিপির মুখপাত্র আসিফ অভিযোগ করেন, জুলাই সনদের যে বিষয়গুলো ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়েছিল এবং গণভোটের মাধ্যমে যার পক্ষে জনসমর্থন নেওয়া হয়েছিল, এখন সেগুলো থেকে ‘পিক অ্যান্ড চুজ’ পদ্ধতিতে বাছাই করে সংস্কারের কথা বলা হচ্ছে। সংসদে বিরোধীদল থেকে ডেপুটি স্পিকার করার প্রস্তাব দিয়ে এক ধরনের ‘পপুলিস্ট উদারতা’ প্রদর্শন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারি দলের সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন। অন্যথায় যে আদেশের ভিত্তিতে নির্বাচন হয়েছে, সেটির লঙ্ঘন হবে এবং বড় ধরনের আইনি জটিলতা তৈরি হতে পারে বলে তিনি সতর্ক করেন।

আসিফ মাহমুদের অভিযোগ, সংবিধান পুনর্লিখনের পরিবর্তে আবারও সংশোধনের পথে হাঁটছে সরকার। ১৯৭২ সালের সংবিধানকে রক্ষা করতে গিয়ে আগের মতোই দলীয় স্বার্থে কাটাছেঁড়া করার ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। তার মতে, জুলাই সনদের ভিত্তিতে একটি পুনর্লিখিত সংবিধানের সুযোগ নষ্ট করা হচ্ছে।

এনসিপি একটি সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক উত্তরণের পক্ষে কাজ করছে জানিয়ে তিনি বলেন, কাঠামোগত সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার লড়াই তারা অব্যাহত রাখবেন। সংবাদ সম্মেলনে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন