মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নের অর্থ ‘রাষ্ট্রীয় সন্ত্রাসে’ সহযোগিতা, ইরানের হুঁশিয়ারি

মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নের অর্থ ‘রাষ্ট্রীয় সন্ত্রাসে’ সহযোগিতা, ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা কার্যকরের উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এসব নিষেধাজ্ঞা বাস্তবায়নে অংশ নেওয়া মানে স্বাধীন রাষ্ট্রগুলোর ওপর একটি দেশের ‘বেআইনি ইচ্ছা’ চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জাতিসংঘ সনদের লঙ্ঘন। ওয়াশিংটনের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চালানো সামরিক সংঘাতেরই ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেছে তেহরান।

ইরানের ভাষ্য, এ ধরনের অর্থনৈতিক চাপ নিন্দনীয় ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের পর্যায়ে পড়ে। নিষেধাজ্ঞার কারণে লাখো মানুষের স্বাস্থ্য ও জীবিকা গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে বলেও সতর্ক করেছে দেশটি।

বিবৃতিতে জাতিসংঘের ব্যবস্থা ও সদস্যরাষ্ট্রগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ইরান। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে জাতিসংঘ ও সদস্যরাষ্ট্রগুলো যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এর ফলে ভবিষ্যতে আরো আন্তর্জাতিক আইন লঙ্ঘনে উৎসাহ তৈরি হয়েছে বলেও দাবি করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরান আরো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমন্বিত সামরিক ও অর্থনৈতিক চাপের বিরুদ্ধে দেশ রক্ষায় প্রয়োজনীয় সব উপায় ব্যবহারের বিষয়ে তারা দৃঢ়প্রতিজ্ঞ।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন