রাজধানীতে এনসিপির বিক্ষোভ, হামলাকারীদের গ্রেপ্তার দাবি

স্টাফ রিপোর্টার

রাজধানীতে এনসিপির বিক্ষোভ, হামলাকারীদের গ্রেপ্তার দাবি

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। শুক্রবার বিকেল সোয়া ৫টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলের নেতৃত্ব দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মিছিলে হামলাকারীদের গ্রেপ্তার, শাস্তি দাবি করে নানা ধরনের স্লোগাণ দেওয়া হয়।

হামলার ভিডিও ফেসবুকে নিচের ভেডিলায়েড আইডিতে শেয়ার করে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ঝিনাইদহে পুলিশের উপস্থিতিতে অতর্কিত হামলা করেছে বিএনপির সন্ত্রাসী বাহিনী। এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এসব সন্ত্রাসীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

বিজ্ঞাপন

এর আগে ঢাকায় এক অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচিতে হামলার যে সংস্কৃতি ছিল, সেটি আবার ফিরে আসছে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সহিংসতাকে কৌশল হিসেবে নেওয়া হচ্ছে। সরকার যদি ভায়োলেন্সকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায়, তাহলে এটা আমাদের চেয়ে বেশি কেউ পারবে না। ২০২৪ সালে আমরা সেটা দেখিয়েছি। এই লড়াই কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়, এটা একটি প্রজন্মের সঙ্গে সংঘাত হয়ে যাবে। এ সময় ঝিনাইদহে হামলার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ ও ছবি দেখে রাতের মধ্যেই গ্রেপ্তার করতে হবে উল্লেখ করে তিনি বলেন, অন্যথায় আমাদেরও ভিন্ন পথ বেছে নিতে বাধ্য হতে হবে।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে তার আইডিতে দেওয়া এক পোস্টে বলেন, ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারী, তারেক রেজাসহ এনসিপি নেতৃবৃন্দের ওপর বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, হামলায় কয়েকজন রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে জুমার নামাজের পর ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। ফেসবুকের এক পোস্টে তিনি হামলার বিষয়টি জানান।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...