ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, কেউ যদি গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার কোনো প্রচেষ্টা চালায় রাজপথে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করব।
শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজনৈতিক নেতা ও নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের বর্তমান পরিস্থিতিতে তিনটি লড়াই চলছে। যে লড়াইয়ের মধ্যে অন্যতম একটি লড়াই হলো গণতান্ত্রিক লড়াই। আপনারা দেখেছেন যে ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে। একটি গণতান্ত্রিক ক্যাম্পাসের জন্য আমরা আজীবন যুদ্ধ করেছি। ভবিষ্যতেও আমাদের লড়াইটা থাকবে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের সব ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছে।
সরকার সংকট মোকাবিলা করতে পারছে না দাবি করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার যদি দেশের সংকটগুলো নিয়ন্ত্রণ না করতে পারে, গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে নিশ্চিত করতে না পারে, তাহলে সরকারকে জবাবদিহিতার জায়গায় অবশ্যই আসতে হবে।
তিনি বলেন, আমরা গত ১৭ বছর একসঙ্গে ছিলাম যাতে ভবিষ্যতে যদি কেউ বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েম করার প্রচেষ্টা চালায় তাদের বিরুদ্ধে যাতে আগামীর লড়াই, সংগ্রামটা চালিয়ে নিয়ে যেতে পারি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার জ্বালানি সংকট থেকে শুরু করে অনেকগুলো বিষয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে লুকোচুরি খেলছে। কিন্তু সরকারকে খোলাসা করে বলতে হবে কেন লোডশেডিং হচ্ছে। সরকার বলছে যে জ্বালানি আছে। কিন্তু আমরা পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি পাচ্ছি না।
তিনি বলেন, এসএসসি পরীক্ষার্থীরা আমাদেরকে ফোন দিচ্ছে, লোডশেডিংয়ের কারণে তারা পড়াশোনা করতে পারছে না। তাদের পড়ালেখায় ব্যাহত হচ্ছে এবং মার্কেটগুলোতে দেখছি আমাদের অর্থনৈতিক ব্যবস্থা নিম্নমুখী হচ্ছে। দ্রব্যমূল্যের দাম বাড়ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

