রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।
রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে চালানো হামলায় চার সাংবাদিক ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে এনসিপির বিবৃতিতে বলা হয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত ঘটনার বিবরণ উল্লেখ করে এনসিপি জানিয়েছে, ফেসবুক পোস্টের একটি মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছাত্রদলের নেতাকর্মীরা রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাটসহ দেশীয় অস্ত্র নিয়ে শহীদ জিয়াউর রহমান হলের সামনে অবস্থান নেন। পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহ করতে গেলে তারা সাংবাদিকদের ওপর চড়াও হন বলে বিবৃতিতে বলা হয়েছে।
হামলায় মাঈনুল ইসলাম রাজু (দৈনিক সমকাল), নূর আহসান মৃদুল (দ্য ডেইলি স্টার), আরিফ উজ্জামান কোরবান (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ও জাহিদুল ইসলাম (আগামীর সময়) আহত হয়েছেন। তাদের মধ্যে জাহিদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে এনসিপি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীরা সাংবাদিকদের উদ্দেশে ‘পুঁতে ফেলার’ মতো হুমকিও দেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম এবং সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমসহ অন্তত ১০ জন নেতাকর্মী সরাসরি অংশ নেন।
আহত সাংবাদিকদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।
বিবৃতিতে এনসিপি বলেছে, বিশ্ববিদ্যালয়ের মতো একটি মুক্তবুদ্ধি ও জ্ঞানচর্চার কেন্দ্রে রাজনৈতিক দলের নেতাকর্মীদের এ ধরনের সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমের স্বাধীনতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ বিশ্ববিদ্যালয় প্রশাসনও এর দায় এড়াতে পারে না বলে দলটি মন্তব্য করেছে।
এনসিপির মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল নেতাকর্মীদের দলীয় ও রাষ্ট্রীয় আইনে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থী ও সংবাদকর্মীদের পূর্ণ নিরাপত্তা এবং নির্বিঘ্নে মতপ্রকাশের পরিবেশ অবিলম্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে এনসিপি। দেশবাসীকে সঙ্গে নিয়ে ছাত্র-জনতা ক্যাম্পাসের সব ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি শক্ত হাতে প্রতিহত করবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


