সিলেট বিভাগে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। চার মাস বয়সী শিশুর বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার রতনপুর এলাকায়। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ১০৮ জন রোগী সন্দেহজনক হাম নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগীর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের ১৯ আগস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৫ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, নর্থ ইস্ট হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন। এছাড়া হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আরও ২ জন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৩১৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩২ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন রয়েছেন। নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৮৮ জন।
জেলাভিত্তিক হিসাবে, নিশ্চিত হাম রোগীর সংখ্যা সিলেটে ৩২০ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জে শনাক্ত নিশ্চিত রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

