জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মিডিয়া বিএনপির দ্বারা দখল হয়ে গেছে। সাংবাদিকরা বাধ্য হচ্ছে। মিডিয়া একপক্ষীয় ও অদায়িত্বশীল ভূমিকা পালন করছে। ভোটের দিন এ ধরনের তথ্যসন্ত্রাস মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অস্ত্র মজুত করা হচ্ছে। যেসব জায়গায় অস্ত্র মজুত করা হয়েছে, সেসব স্থানে বুধবার রাতের মধ্যেই যৌথবাহিনীকে অভিযান চালানোর আহ্বান জানান তিনি।
এনসিপির এই মুখপাত্র বলেন, আমরা দেখেছি যে, আজকে সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধারের অভিযানের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। মাত্র ২০ হাজার টাকা বহন করার কারণে জামায়াতের একজন নেতাকে ধরে হেনস্তা করা হচ্ছে। তার থেকে ওই টাকা ছিনতাই করা হচ্ছে।
তিনি আরো বলেন, আমি একটা নিউজ দেখলাম যে, কোনো একজন নেতার বাসা থেকে সাত লাখ টাকা এবং ল্যাপটপ উদ্ধার। এখন আমার বাসায় তো ল্যাপটপ আছে। এখন ল্যাপটপ বাসায় রাখাটাও কি অপরাধ?
নানা ধরনের পক্ষপাতিত্ব হচ্ছে অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, যাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার কথা ছিল, সেটা ইলেকশন কমিশন থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কিছু কিছু ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে দেখা যায়নি। মিডিয়ার মধ্যে এক ধরনের একপক্ষীয় হয়ে অ্যাগ্রেসিভ মোডে থাকার অ্যাপ্রোচ আমরা দেখছি।
বিভিন্ন আসনে এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করে তিনি বলেন, পোলিং এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্রে আসার ক্ষেত্রে বাধা দেওয়া এবং নিষেধ করার কার্যক্রম চলছে। স্থানীয় যারা নির্বাচনের দায়িত্বশীল আছেন, সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

