সংসদে নাহিদ ইসলাম

জুলাই সনদকে বিএনপি অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে

আমার দেশ অনলাইন

জুলাই সনদকে বিএনপি অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে
ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদকে বিএনপি অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে। দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী বিরোধীদল বিরোধীতা করবে না।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ না করার বিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা চেয়েছেন তিনি।

তিনি বলেন, শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যকে বেধড়ক মারধর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ জন্য এখনও কোনও মামলা নেয়নি।

নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি জানান, এই মামলা কেন নেওয়া হচ্ছে না? থানার ভেতর প্রবেশ করে ডাকসুর দুজন নির্বাচিত প্রতিনিধির ওপর হামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বড় ভূমিকা আছে বাংলাদেশের ও বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক আন্দোলনে।

এনসিপি নেতা বলেন, মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষের রাজনীতি গত ৫০ বছর ধরে হয়েছে। আমরা এর সমাধান এখনো কেন করতে পারিনি। এর দায়ভার কে নেবে? বিএনপি কি নেবে না, যারা ২৯ বছর জামায়াতের সঙ্গে রাজনীতি করেছে? একটা কথা তো এখন সবাই বলে—সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। ফলে এটার দায়িত্ব ছিল তো ওনাদের, এই রিকনসিলিয়েশন তৈরি করা, এই প্রশ্নের সুরাহা করা।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ আমাদের ফাউন্ডেশন, এটা নিয়ে বিতর্কের সুযোগ নেই। তবে মুক্তিযুদ্ধের নামে যে লুটপাট ও ফ্যাসিবাদ কায়েম হয়েছে, তাও ভোলা যাবে না। জুলাই গণঅভ্যুত্থান ছিল মুক্তিযুদ্ধেরই নবায়ন। আমাদের উচিত ইতিহাসের এই বিতর্ক একপাশে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। মুক্তিযুদ্ধের নাম করে বা পক্ষ-বিপক্ষ কার্ড খেলে জনগণকে আর ভাগ করা যাবে না।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন