আইসিএপিপির সঙ্গে বৈঠকে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ এনসিপির

স্টাফ রিপোর্টার

আইসিএপিপির সঙ্গে বৈঠকে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর একটি প্রতিনিধি দল। বৈঠকে রাজনৈতিক সংলাপ জোরদার, গণতান্ত্রিক শাসনব্যবস্থার উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

রোববার বিকালে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আইসিএপিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির মহাসচিব এবং মঙ্গোলিয়া ও পর্তুগালে দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রদূত ওহ সং। অন্যদিকে এনসিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৈঠকে ওহ সং এশিয়ার রাজনীতি ও শাসনব্যবস্থার ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আইসিএপিপির আসন্ন সাধারণ অধিবেশনে এনসিপির অংশগ্রহণকে স্বাগত জানান। এনসিপির পক্ষ থেকে বলা হয়, এই প্ল্যাটফর্মে দলটির এটিই হবে প্রথম উচ্চপর্যায়ের সম্পৃক্ততা।

বৈঠকে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়েও মতবিনিময় হয়। পাশাপাশি ভবিষ্যতে নেতৃত্ব বিনিময় কর্মসূচি এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

বৈঠক শেষে উভয় পক্ষ আঞ্চলিক সহযোগিতা জোরদার, সুশাসন প্রতিষ্ঠা এবং উদীয়মান রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আরও শক্তিশালী যোগাযোগ ও অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এনসিপি প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক ইনচার্জ ও যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ, যুগ্ম সদস্যসচিব এস. এম. সুজা উদ্দিন এবং ফারিদুল হক।

আইসিএপিপি এশিয়া ও বিশ্বের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে কাজ করা একটি বহুপাক্ষিক প্ল্যাটফর্ম। সংস্থাটি গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করা, শান্তি প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে গঠনমূলক সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন উদ্যোগ পরিচালনা করে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন