জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শ্রমিকদের এই আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক। সরকারের সঠিক পরিকল্পনা না থাকার কারণেই বর্তমান এই পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে দায় এড়ানোর সুযোগ নেই।
সোমবার পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, যদি এই আন্দোলনে ফ্যাসিবাদের দোসররা ঢুকে থাকে এবং তারা যদি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তবে এর সম্পূর্ণ দায়িত্ব সরকারকেই নিতে হবে। কারণ, এটি সরকারের গোয়েন্দা সংস্থার চরম ব্যর্থতা। বর্তমান সরকার বিরোধী দল দমনে গোয়েন্দা শক্তি ব্যবহার করছে; কিন্তু যারা এ দেশের শত্রু, যারা জনগণকে হত্যা করে ভারতে পালিয়ে রয়েছে, তাদের বিষয়ে সরকারপ্রধানকে আমরা আজ পর্যন্ত কোনো ধরনের গোয়েন্দা তথ্য জাতির সামনে পেশ করতে দেখিনি।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত পাঁচ শ আন্দোলন মোকাবেলা করেছে। আন্দোলন তখনই থামবে, যখন সরকারের ওপর জনগণের আস্থা থাকবে। কিন্তু এই সরকারের ওপর তো জনগণের বিন্দুমাত্র আস্থা নেই। কারণ, তারা জনগণের রায়ের সঙ্গে বেইমানি করেছে এবং নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহারে দেওয়া সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, পুনরায় সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আগে যখন দাম ১৮০০ টাকা ছিল, তখন খোলা বাজারে তা ২৫০০ টাকায় বিক্রি হয়েছে। এখন এই দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আমরা দেশবাসীকে আহ্বান জানাব, আপনারা রাজপথে নেমে আসুন। কারণ, রাজপথেই এই সরকারের জবাব দিতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


