সংস্কার প্রশ্নে গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালানো জাতীয় পার্টির বিষয়ে এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দিল্লির দাস কোন দলের কথা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্ব বহন করে না।
দিল্লির দাস কোনো রাজনৈতিক দল কি বলল না বলল তাতে কিছু যায় আসে না। জামায়াতে ইসলামি, বিএনপি ও এনসিপিসহ গুরুত্বপূর্ণ সব দল হ্যাঁ ভোটের পক্ষে আছে।
রোববার রংপুরের পীরগঞ্জে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এক সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, আমরা সংস্কারের পক্ষে জনমত গঠনের জন্য সারাদেশে পদযাত্রা শুরু করেছি। এই কারণেই আজকে রংপুরে এসে প্রথমেই আবু সাঈদের কবর জিয়ারত করতে আসছি। আমরা ৩০ আসনে নির্বাচনে প্রার্থী দিলেও ২৭০ আসনে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অ্যাম্বাসেডর নিয়োগ করেছি। সুতরাং আমরা ৩০০ আসনেই নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছি।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সম্পর্কে তিনি বলেন, একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জামায়াতের একটা উপজেলা সেক্রেটারীকে হত্যা করা হয়েছে। আমরা এইসব বিষয় পর্যবেক্ষণ করছি। যদি কোন ষড়যন্ত্র মূলক নির্বাচন করার চেষ্টা করে, তাহলে আমরা এই বিষয়ে প্রতিরোধ গড়ে তুলব।
শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে আরও উপস্থিত ছিলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, উত্তরাঞ্চলীয় যুগ্ম মূখ্য সংগঠক সাকিব মাহদী, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারী ইয়াছিন আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

