জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি- এনসিপি যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা নুসরাত তাবাসসুমের নামে গেজেট করতে নথিতে স্বাক্ষর করে ফেলেছি। এখন প্রেসে ছাপানো হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনকে মনোনয়ন দিয়েছিল জামায়াত জোট। কিন্তু তার চাকরি ছাড়ার তিন বছর না হওয়ায় আইন অনুযায়ী তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি আপিল করেন ইসিতে। সেখানেও রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল থাকে। পরে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন মনিরা শারমিন।
আদালত সূত্রে জানা গেছে, বেলা ৩টা পর্যন্ত হাইকোর্টে আপিলের শুনানি হওয়ার কথা থাকলেও বেঞ্চের একজন বিচারক তা শুনতে অপারগতা প্রকাশ করেন। আজ মঙ্গলবার অন্য একটি বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, উচ্চ আদালত থেকে কোনো নির্দেশনা এলে সে অনুযায়ী নির্বাচন কমিশনকে জারি করা গেজেট বাতিল বা সংশোধন করতে হবে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, আমরা জানি না মনিরা শারমিন শুনানি করবেন কি না। আমাদের কাছে কোনো তথ্য নেই। আদালত যদি কোনো সিদ্ধান্ত দেন, আমরা সেটা মেনে নেব।
অন্যদিকে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকাল ৪টার (১৯ মিনিট পর) পর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নুসরাত তাবাসসুম। কিন্তু তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে হাইকোর্টের নির্দেশনায় নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করে ইসি।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

