গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাথরবোঝাই একটি মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার বিকেল সোয়া ৫টার দিকে নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

লাইনচ্যুত বগি উদ্ধারে সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছায়নি। উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর পর লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা ও ময়মনসিংহের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ও কমিউটার এবং ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী জামালপুর কমিউটার, যমুনা ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে।

উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি মালবাহী ট্রেন কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি বলেন, “সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) রওনা করেছে। সেটি আসার পর উদ্ধারকাজ শুরু হবে।”

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস, কমিউটার এবং ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী জামালপুর কমিউটার, যমুনা ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে।

তিনি আরও বলেন, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে এ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন