এ বছর ৮৭ হাজার বাংলাদেশি পবিত্র হজ পালন করবেন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু ৪ জুন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু ৪ জুন

সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার পবিত্র জিলহজ মাস শুরু হয়েছে। সে হিসাবে সৌদিতে এ বছরের পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ৪ জুন। আর ৫ জুন আরাফাত দিবস তথা পবিত্র হজের মূল কাজ সম্পন্ন হবে। দেশটিতে ৬ জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের একটি হলো পবিত্র হজ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম যে কোনো মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। হজের সব আনুষ্ঠানিকতা হয়ে থাকে পবিত্র মক্কার কাবাশরীফ, মিনা, আরাফা ও মুজদালিফায়। তবে হজ যাত্রীদের আরেক কাঙ্ক্ষিত গন্তব্য পবিত্র মদিনা নগরী। সেখানে মহানবী (সা.)-এর পবিত্র রওজা মোবারক জিয়ারত এবং মসজিদে নববীতে নামাজ আদায়সহ ইসলামের নানা ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন ও ইবাদত করেন হজযাত্রীরা।

বিজ্ঞাপন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা হিসেবে ৮ জিলহজ তথা ৪ জুন মিনায় তাঁবুতে অবস্থান করবেন হজযাত্রীরা। সেখান থেকে ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের মধ্য দিয়ে হজের মূল পর্ব সারবেন। এদিন মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে। আর হজযাত্রীদের কণ্ঠে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় আরাফাতের প্রান্তর। পরে ১২ জিলহজ পর্যন্ত পর্যায়ক্রমে মুজদালিফায় রাত যাপন, কোরবানি আদায়, জামারায় পাথর নিক্ষেপ, কাবাঘর তাওয়াফসহ বাকি কাজ আদায় করবেন হাজিরা।

সূত্র মতে, পবিত্র হজ পালনের জন্য বিশ্ব থেকে আগ্রহী লাখ লাখ মুসলমান সৌদি আরবে জড়ো হচ্ছেন। এরই মধ্যে দেশটিতে ১০ লাখের বেশি হজযাত্রী পৌঁছেছেন বলে সোমবার সৌদি আরবের হজবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ সংবাদ সম্মেলনে জানিয়েছেন। সুষ্ঠু, নিরাপদ ও আরামদায়ক হজ ব্যবস্থাপনার জন্য সৌদি সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে। মক্কায় অবস্থিত হজের মূল স্থানসমূহ মিনা, আরাফা ও মুজদালিফায় হজের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ থেকেও এরই মধ্যে প্রায় ৬৯ হাজার হজযাত্রী সৌদিআরবে গেছেন। এর মধ্যে ১২ জন বিভিন্ন কারণে মারা গেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল সূত্র মতে, এ বছর প্রায় ৮৭ হাজার বাংলাদেশি পবিত্র হজ পালন করবেন। ৩১ মে হজযাত্রার ফ্লাইট শেষ হবে। বাংলাদেশ হজ আইটি টিম মিনা এবং আরাফাতের মানচিত্র তৈরির কাজ সম্পন্ন করে ওয়েবসাইটে (www.hajj.gov.bd) প্রকাশ করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন