আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শুরু হলো মাহে রমজান

স্টাফ রিপোর্টার

শুরু হলো মাহে রমজান

শুরু হলো আত্মপরিশুদ্ধির মাস মাহে রমজান। গতকাল বুধবার দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী এশার পাশাপাশি তারাবির নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। শেষ রাতে সাহরি গ্রহণের মধ্য দিয়ে সিয়াম সাধনা শুরু করেন তারা। এর মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস।

গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়। এতে সভাপতিত্ব করেন নতুন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বিজ্ঞাপন

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। সে মোতাবেক আগামী ১৬ মার্চ রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর উদযাপিত হবে।

১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় গতকাল বুধবার রোজা শুরু হয়। তাদের সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন জেলার কিছু বাসিন্দা রোজা পালন ও রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন।

রমজান উপলক্ষে আজ থেকে সব অফিস-আদালতে নতুন সময়সূচি (সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা) শুরু হবে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যথারীতি খোলা থাকছে।

রমজান হলো হিজরি সনের নবম মাস। হিজরি বছর ৩৫৪ বা ৩৫৫ দিনে হয়। রমজানে রোজা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি এবং এটি সব সুস্থ মুসলিমের জন্য বাধ্যতামূলক। তবে ছোট শিশু, অসুস্থ ব্যক্তি, ভ্রমণকারী, গর্ভবতী, দুধপান করানো বা নারীদের বিশেষ কিছু সময়ে রোজা না রাখার ব্যাপারে শিথিলতা রয়েছে।

পবিত্র রমজান উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল নিজের ফেসবুকে দেওয়া পোস্টে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, রাহমাহ, মাগফিরাহ ও নাজাতের মাস পবিত্র রমাদান আমাদের মাঝে হাজির, আলহামদুলিল্লাহ। বছর ঘুরে পবিত্র রমাদানুল কারিম আমাদের দুয়ারে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের এই পবিত্র মাসে কোরআনের শিক্ষাকে রপ্ত করা, ধারণ করা এবং অনুশীলনের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করা ও সমাজকে বরকতময় সমাজে পরিণত করার জন্য সম্মিলিতভাবে আমাদের দেশের মুসলিম জনগোষ্ঠীকে আমল করার তাওফিক দিন।

তিনি বলেন, পবিত্র এই রমাদান আমাদের জীবন থেকে সব গ্লানি, গুনাহখাতা ও সীমা লঙ্ঘনের মানসিকতা মুছে দিক। এই রমাদানে আমরা অসহায়-দুস্থ মানুষের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দেই। প্রিয় দেশবাসী ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ পবিত্র রমজান মাসের শুভাগমন উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, রমজান মাস তাকওয়া, সংযম, আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের মাস। এ মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার তদারকি জোরদার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব।

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের শুভেচ্ছা জানিয়েছেন। গণমাধ্যমে পাঠানো বার্তায় তারা নবনির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজানে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার ব্যবস্থা করুন। খেটে খাওয়া মেহনতি-শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় সহজ করুন। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও দৌরাত্ম্য রুখে দিন। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন