শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ১৯ রান, হাতে দুই উইকেট। টি-টোয়েন্টির এই যুগে এই রান কঠিন কিছু না, তবে উইকেটের দিকে চোখ বুলিয়ে নিলে হিসেবটা কঠিনই হবার কথা। তবে সেই কঠিন কাজটাই সহজ করে ফেললেন ট্রেন্ট বোল্ট। তার ১৩ বলে ২২ রানের ইনিংসে ভর করে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে ২ উইকেটে হারিয়েছে নিউইয়র্ক। এই জয়ে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ফাইনালে খেলার আশা বেঁচে রইলো নিউইয়র্কের।
ডালাসে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে টস জিতে ইউনিকর্নসকে আগে ব্যাট করতে পাঠায় নিউইয়র্ক। ব্যাট করতে নেমে তারা অলআউট হয় ১৩১ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪ ছক্কা ও ২ চারে ২৪ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন জেভিয়ার বার্টলেট। ১৮ বলে ১৯ রান করেন আরেক অস্ট্রেলিয়ান পেসার ব্রডি কাউচ।
১৯ রানে ৩ উইকেট নিয়ে নিউ ইয়র্কের সফলতম বোলার রুশিল উগারকার। বোল্ট ৪ ওভারে ১৯ রান খরচায় নেন ২ উইকেট।
ছোট লক্ষ্য তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে নিউ ইয়র্ককে ভালো সূচনা এনে দেন মোনাক প্যাটেল ও কুইন্টন ডি কক। দুজন ৪৩ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। দুজনই সমান ৩৩ রান করেন। এরপর ব্যাটিং ধসের মুখোমুখি হয় নিউইয়র্ক। একপর্যায়ে নিউইয়র্কের স্কোর হয়ে যায় ৮ উইকেটে ১০৮! সেখান থেকে বোল্টের জাদু।
ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে টেক্সাস সুপার কিংসের মুখোমুখি হবে এমআই নিউইয়র্ক।
সংক্ষিপ্ত স্কোর
সান ফ্রান্সিসকো: ১৩১/১০, ১৯.১ ওভার
নিউ ইয়র্ক: ১৩২/৮, ১৯.৩ ওভার
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

