টেস্ট ক্রিকেট মানেই পাঁচ দিনের রোমাঞ্চের ঝাঁজ; আবার দুদিনেও চুপসে যাওয়া উন্মাদনার পারদ। এ ফরম্যাটে দলগুলোর বড় রান যেমন দেখা যায়, দুই অঙ্কের ঘরে অল আউটের মতো চমকের দেখাও মেলে। অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচেই দেখা গেল এক ইনিংসে পুরো দলের ২৭ রানে অল আউটের ঘটনা। এ ঘটনায় আশ্চর্যের সাগরে ডুবে যাওয়া ক্রিকেট বিশ্বকে আরো অবাক হতে হবে পরিসংখ্যানের খাতা ঘেঁটে দেখলেÑটেস্ট ক্রিকেটে এক ইনিংসে ২৬ রানে অল আউটের ঘটনাও আছে!
অস্ট্রেলিয়ার বিপক্ষে জ্যামাইকা টেস্ট দিবারাত্রির ম্যাচে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানেই অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। অজি পেসার মিচেল স্টার্কের তোপে ক্যারিবীয়দের এমন বিব্রতকর রেকর্ডে নড়েচড়ে বসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দেশটির সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে জরুরি বৈঠক ডাকে তারা। তবে স্যার ক্লাইভ লয়েড, ভিভিয়ান রিচার্ডসন ও ব্রায়ান লারার মতো কিংবদন্তিরা খানিকটা স্বস্তি পেতে পারেন এই ভেবে যে, টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন রানের অল আউটের রেকর্ডের ভাগিদার হতে হয়নি তাদের দেশকে।
টেস্টে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড নিউজিল্যান্ডের। ৭০ বছর আগে ১৯৫৫ সালের ২৫ মার্চ অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে তৃতীয় ইনিংসে ২৬ রানে গুটিয়ে গিয়েছিল কিউইরা। ৭ দশক পর তাদের পরই অবস্থান নিল ওয়েস্ট ইন্ডিজ। এ তালিকায় সব মিলিয়ে ৫০ রানের নিচে অল আউটের ঘটনা আছে ২৬টি। এর মধ্যে উনবিংশ শতাব্দীতে (১৮০১-১৯০০) ৭টি, বিংশ শতাব্দীতে (১৯০১-২০০০ সাল) ৯টি ও একবিংশ শতাব্দীতে (২০০১ সালের পরের সময়) ১০টি রেকর্ডের সাক্ষী হয়েছে দলগুলো। ২৬ ও ২৭ রানে একবার করে, ৩০ রানে দুবার, ৩৫ রানে একবার, ৩৬ রানে তিনবার, ৩৮ রানে একবার, ৪২ রানে চারবার, ৪৩ রানে দুবার, ৪৪ রানে একবার, ৪৫ রানে তিনবার, ৪৬ রানে দুবার, ৪৭ রানে চারবার ও ৪৯ রানে একবার ইনিংসে অল আউটের ঘটনা আছে।
দলগুলোর মধ্যে ৫০ রানের আগে অল আউটের ঘটনায় সর্বোচ্চ ৭ বার নাম আছে দক্ষিণ আফ্রিকার। এর মধ্যে ৫ বার তারা দুভার্গা ছিল ইংল্যান্ডের বিপক্ষে। ৩০ থেকে ৩৬ রানের মধ্যে টানা চারবার গুটিয়ে যাওয়ার বিব্রতকর রেকর্ডও তাদের। ৫০ রানের নিচে দ্বিতীয় সর্বোচ্চ ৪ বার করে অল আউট হয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড দুবার করে এবং আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশ একবার করে এ তালিকায় নাম তুলেছে। টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ৪৩, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু নর্থ সাউন্ড, সময়কাল ২০১৮ সালের জুলাই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

