শিরোপা জয়ের লড়াইয়ে হট ফেভারিট তিনি। নোভাক জোকোভিচ খেলেও যাচ্ছেন ঠিক সুপারস্টারের মতো। দারুণ পারফরম্যান্সে জয় দিয়েই অস্ট্রেলিয়ান ওপেন শুরু করলেন সার্বিয়ান এ তারকা।
প্রথম ম্যাচে টুর্নামেন্টের এ সপ্তম বাছাই হারিয়ে দিয়েছেন ১৯ বছরের ভারতীয় বংশোদ্ভূত মার্কিন টেনিস খেলোয়াড় নিশেশ বাসভরেড্ডিকে। তবে প্রথম সেটে হোঁচট খেয়েছেন জোকোভিচ। ৪-৬ গেমে হার মেনে পিছিয়ে ছিলেন।প্রথম ম্যাচে টুর্নামেন্টের এ সপ্তম বাছাই হারিয়ে দিয়েছেন ১৯ বছরের ভারতীয় বংশোদ্ভূত মার্কিন টেনিস খেলোয়াড় নিশেশ বাসভরেড্ডিকে। তবে প্রথম সেটে হোঁচট খেয়েছেন জোকোভিচ। ৪-৬ গেমে হার মেনে পিছিয়ে ছিলেন।
তবে পরের তিন সেটে দাপুটে পারফরম্যান্সে ম্যাচ নিজের করে নেন টেনিস দুনিয়ার সাবেক এ নাম্বার ওয়ান। শেষের তিন সেটে বাসভরেড্ডিকে রীতিমতো পাত্তাই দেননি। জোকোভিচ প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন ৬-৩, ৬-৪ ও ৬-২ গেমে।
রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন নিয়ে গতকাল সোমবার থেকে অস্ট্রেলিয়ান ওপেনে নতুন মিশন শুরু করেন জোকোভিচ। তবে প্রথম ম্যাচেই অবাছাই নিশেশ বাসভরেড্ডির বিপক্ষে কোর্টের লড়াই এতটা কঠিন হবে সেটা ক্ষুণাক্ষরে হয়তো কল্পনাও করতে পারেননি জোকোভিচ। যুক্তরাষ্ট্রের টিনএজার বাসভরেড্ডি অভিজ্ঞতার কাছে হার মানলেন ঠিক কিন্তু লড়াই করেছেন শেষ পর্যন্ত।
প্রথম সেটে বুক চেতিয়ে লড়াই করে ৬-৪ ব্যবধান জোকোভিচকে হারিয়ে দিয়েছিলেন অঘটনের আভাস। কেননা মেলবোর্ন পার্কে শুরুতেই চলছিল যেন তারুণ্যের জয়গান। জোকোভিচের ওপর খেলার শুরুতেই চাপ সৃষ্টি করে খেলতে থাকেন এ মার্কিন টেনিস তারকা। কিন্তু অভিজ্ঞতার জোরেই জোকোভিচ ম্যাচে প্রত্যাবর্তন করেন। দ্বিতীয় সেটেও সমানতালে লড়াই চালিয়ে গেছেন বাসভরেড্ডি। বার বার খেলায় ফিরে জোকোভিচ শেষ পর্যন্ত সেটটি নিজের করে নেন ৬-৩ গেমে। এই সেট জিতেই রড লেভার এরেনায় আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন ২৪ মেজর ট্রফির মালিক। তৃতীয় সেটেও লড়াই করে জয়ের চেষ্টা করেন বাসভরেড্ডি। একবার জোকোভিচ আগান তো খেলায় ফিরে সমতা ফেরেন এ মার্কিন তরুণ তুর্কি। এক সময়ে এই সেটে দুজন ছিলেন ৪-৪ এ সমতায়। আরও একটা সেট কি হারতে যাচ্ছেন জোকার? এমন প্রশ্নই উঠতে থাকে তখন। কিন্তু জোকোভিচ কিন্তু হার মানেননি। সেটটি নিজের করে নেন ৬-৪ ব্যবধানে। চতুর্থ ও শেষ সেট ছিল অনেকটা একপেশে। যুক্তরাষ্ট্রের এ তরুণকে ৬-২ গেমে হারিয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডের বৈতরণী উতরে গেছেন জোকোভিচ।
শেষ হাসি ঠিকই হাসলেন জোকোভিচ। তবে বাসভরেড্ডি তার ঘাম ছুটিয়ে দিয়েছেন। এই লড়াই থেকে একটা বিষয় স্পষ্ট, ৩৭ বছরের জোকোভিচের সামনে অস্ট্রেলিয়ার কোর্টে আরও কঠিন সব লড়াই অপেক্ষা করছে। এ দিক থেকে প্রথম ম্যাচ সার্বিয়ান মেগাস্টারের জন্য এক রকম সতর্কবার্তা। তবে এই ম্যাচে বাসভরেড্ডি খেললেন ফ্যানবয়ের মতো। কেননা জোকোভিচ তার টেনিস ক্যারিয়ারের অন্যতম আদর্শ খেলোয়াড়। আইকন খেলোয়াড়ের বিপক্ষে এ আমেরিকান তরুণ খেললেন অস্ট্রেলিয়ান ওপেনে নিজের উদ্বোধনী ম্যাচ। জোকোভিচের কাছে হেরেও ভারতীয় বংশোদ্ভূত এ টেনিস খেলোয়াড় নিশেশ বাসভরেড্ডি হয়েছেন খবরের শিরোনাম। ২০২৪ সালে ইউএস ওপেনের বাছাই পর্বেও খেলেছিলেন। এবার কেটেছেন অস্ট্রেলিয়ান ওপেনের মূল পর্বে খেলার টিকিট। এক বছর আগে বাসবরেড্ডি পাড়ি জমিয়েছিলেন তুরিনে। সেখানে স্পেনের কার্লোস আলকারাজসহ বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করার সৌভাগ্য হয়েছিল তার। এবার অস্ট্রেলিয়ান ওপেনের অভিষেক ম্যাচে র্যাকেট হাতে নেমেই একটু ভড়কে দিলেন টেনিস প্রেমীদের।
অন্যদিকে প্রথম রাউন্ডে জয়ের দেখা পেয়েছেন কার্লোস আলকারাজও। আসরের এ তৃতীয় বাছাই ৬-১, ৭-৫ ও ৬-১ গেমে হারিয়ে দিয়েছেন কাজাখস্তানের আলেকজান্ডার শেভচেঙ্কোকে। শীর্ষ বাছাই জানিক সিনারও দাপুটে জয় ছিনিয়ে নিয়েছেন। চিলির নিকোলাস জ্যারিকে ৭-৬ (৭-২), ৭-৬ (৭-৫) ও ৬-১ গেমে ধরাশায়ী করে এ ইতালিয়ান পৌঁছে গেছেন মেলবোর্ন পার্কের আসরের দ্বিতীয় রাউন্ডে। জয়ের হাসি হেসেছেন ইগা সোয়াটেকও। চেক প্রজাতন্ত্রের ক্যাটেরিনা সিনিয়াকোভাকে সরাসরি সেটে ৬-৩ ও ৬-৪ গেমে হারান এ পোলিশ তারকা। আর যুক্তরাষ্ট্রের কোকো গাউফ ৬-৩ ও ৬-৩ ব্যবধানে জেতে স্বদেশি সোফিয়া কেনিনের বিপক্ষে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

