বিশ্ব ক্লাব বিশ্বকাপে একের পর এক সব অঘটনের জন্ম দিচ্ছে ব্রাজিলিয়ান ক্লাবগুলো। বৃহস্পতিবার দিবাগত রাতে বোতাফোগোর কাছে হেরেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। সে অঘটনের একদিন পরই চমক দেখাল ব্রাজিলের আরেক ক্লাব ফ্ল্যামেঙ্গো। ইংল্যান্ড তথা ইউরোপের ঐতিহ্যবাহী ক্লাব চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে তারা।
ইএস তুনিসকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের যাত্রা শুরু করে ফ্ল্যামেঙ্গা। দুই ম্যাচে শতভাগ জয়ে তাদের সংগ্রহ ছয় পয়েন্ট। অবস্থান করছে টেবিলের শীর্ষে। দুইয়ে আছে চেলসি। সমান ম্যাচে একটি করে জয় ও হারে তাদের সংগ্রহ তিন পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে পরের স্থানে আছে তুনিস। দুই ম্যাচ খেলে এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাব আছে টেবিলের তলানীতে।
হারলেও ম্যাচের শুরুটা দারুণ ছিল চেলসির। ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে ১৩তম মিনিটে পেদ্রো নেতোর কল্যাণে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে আর গোলটার শোধ দিতে পারেনি ফ্ল্যামেঙ্গো। তবে বিরতির পর চেলসিকে স্তব্ধ করে দিয়ে একে একে তিনবার জালে বল পাঠায় ব্রাজিলের প্রতিনিধিরা।
এর শুরুটা করেন ব্রুনো হেনরিকস। ৬২ মিনিটে তার গোলেই ম্যাচে ফেরে ফ্ল্যামেঙ্গো। তিন মিনিটের মাথায় দানিলো লক্ষ্যভেদ করলে স্কোরলাইন ২-১ হয়। ৬৮ মিনিটে নিকোলাস জ্যাকসন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় চেলসি। সে ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারেনি পশ্চিম লন্ডনের ক্লাবটি। উল্টো নির্ধারিত সময়ের সাত মিনিট আগে আরও এক গোল হজম করে জায়ান্টরা। ফ্ল্যামেঙ্গোর হয়ে শেষ গোলটি করেন ওয়ালেস ইয়ান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

