বিসিবির কাছে সাকিবের পাওনা ৪৮ লাখ টাকা!

বিসিবির কাছে সাকিবের পাওনা ৪৮ লাখ টাকা!

বিসিবির সবশেষ বোর্ড সভায় ক্রিকেটারদের পারিশ্রমিক ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এরই মধ্যে নতুন খবর হলো আগের বছরের চুক্তিতে থাকা সাকিব আল হাসান শেষ চার মাসের বেতন পাননি। বিষয়টি ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ক্রিকবাজকে জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা।

২০২৪ সালে তিন সংস্করণে ক্যাটাগরিতেই চুক্তিতে ছিলেন সাকিব আল হাসান। এ সময় প্রতি মাসে ১২ লাখ টাকা করে বেতন পেয়েছেন। তবে শেষ চার মাসের বেতন এখনো সাকিবকে দিতে পারেনি বিসিবি। মূলত আওয়ামী লীগ সরকারের পতনের পর ফ্রিজ করে দেওয়া হয় সাকিবের অ্যাকাউন্ট। এ কারণে তাকে বেতন দিতে পারেনি বিসিবি। বিষয়টি জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘এটা সত্যি সে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের বেতন পায়নি; কারণ তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য থাকা সাকিব আল হাসান সরকার পতনের পর আর দেশে ফিরতে পারেননি। এর মধ্যেই অবৈধ হয়েছে তার বোলিং অ্যাকশন। ফলে বাংলাদেশের জার্সিতে সাকিবকে খেলতে দেখা যাওয়ার সম্ভাবনাও প্রায় শূন্যের কোঠায়। তবে সাকিবকে তার প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়া হবে এমনটা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, ‘চুক্তি অনুযায়ী সে তার টাকা পাবে। এ সময়ে খেলুক কিংবা না খেলুক, চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করা হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন