নয়া ইতিহাস লিখতে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বিশ্বের প্রথম ক্রিকেট বোর্ড হিসেবে বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগে বিনিয়োগ করতে যাচ্ছে সংস্থাটি। ২০২৭ সালের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) একটি ফ্র্যাঞ্চাইজি কিনতে যাচ্ছে তারা। আর এ বিনিয়োগে তাদের সহযোগিতা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রেরই ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) ফ্র্যাঞ্চাইজি সান ফ্রান্সিসকো ৪৯ইআরএস।
ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, ২০২৭ সালে এমএলসিতে দলের সংখ্যা বেড়ে ছয় থেকে আট হতে যাচ্ছে। ২০৩১ সালের মধ্যে লিগের পরিধি বেড়ে যাবে আরও। কানাডাভিত্তিক আরেকটি ফ্র্যাঞ্চাইজি যোগ হবে আসরটিতে।
এনজেডসির সঙ্গে চুক্তি এরই মধ্যে চূড়ান্ত হয়েছে এবং তারা বিনিয়োগকারী করতে যাচ্ছে। তবে নতুন ফ্র্যাঞ্চাইজিটির নাম ও হোম সিটি এখনো চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টা ও কানাডার টরেন্টো- এই দুই শহর হতে পারে ফ্র্যাঞ্চাইজি দুটির হোমসিটি।
নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) জন্য আরেকটি সুযোগ থাকছে। ২০৩১ সালে দ্বিতীয় এমএলসি ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগ করতে পারবে তারা। সেই ফ্র্যাঞ্চাইজিটি হতে পারে কানাডা-ভিত্তিক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

