গ্লেন ম্যাক্সওয়েল ক্যারিয়ারের শুরুতে বোলিং দিয়েই দলে আসেন। সময়ের সঙ্গে জানান দিয়েছেন ব্যাটিং প্রতিভা। তবে আবারও বোলিং নিয়ে কাজ করতে চান এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়তি দায়িত্ব নিতে চান তিনি।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। উপমহাদেশের স্পিনসহায়ক উইকেটের কথা ভেবেই ম্যাক্সওয়েলের এই প্রস্তুতি। তাই এখন পাওয়ারপ্লেতে বোলিংয়ের দক্ষতা বাড়ানোয় মনোযোগী হয়েছেন।
পাওয়ারপ্লেতে বোলিং করা অবশ্য একেবারেই নতুন কিছু নয় ম্যাক্সওয়েলের জন্য। আহমেদাবাদে ভারতের বিপক্ষে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পাওয়ারপ্লের শেষ ওভারে রোহিত শার্মাকে ড্রেসিং রুমে ফেরান তিনি। ম্যাচটি ৬ উইকেটে জিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ ঘরে তোলে অস্ট্রেলিয়া।
শুরুতেই বোলিং করা নিয়ে অজি ক্রিকেটার বলেন, 'আমার মনে হয়, স্পিনার হিসেবে উপমহাদেশে শুরুর দিকেই (উইকেট থেকে) আরও বেশি সুবিধা পাওয়া যেতে পারে। বিশেষ করে, নতুন বলে, যখন বলের সিম শক্ত থাকে… তাই এটা এমন একটা বিষয়, যেটা নিয়ে সামনের পথচলার জন্য সম্ভবত ভাবা যেতে পারে।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

