টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

নাটকীয় এক ম্যাচ শেষে টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমস হকিতে অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে ৪-৪ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় পায় আমিরুলদের দল।

ম্যাচের শুরুটা দারুণ করে বাংলাদেশ। প্রথম পাঁচ মিনিটেই রকির পেনাল্টি কর্নার ও আমিরুলের পেনাল্টি স্ট্রোক থেকে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় হংকং এবং প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে বাংলাদেশের পক্ষে।

দ্বিতীয়ার্ধে পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে লড়াই। তৃতীয় কোয়ার্টারে সমতা ফেরায় হংকং, এরপর আশরাফুলের পেনাল্টি কর্নার থেকে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে একাধিক গোলের লড়াইয়ে ম্যাচটি ৪-৪ সমতায় পৌঁছায় এবং নির্ধারিত সময় শেষে টাইব্রেকারে গড়ায় খেলা।

টাইব্রেকারে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। প্রথম শট মিস করায় চাপে পড়ে দল। তবে গোলরক্ষক বিপ্লব কুজুরের দুর্দান্ত নৈপুণ্যে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তিনি দুইটি শট রুখে দিয়ে দলকে এগিয়ে নেন। এরপর রোকন, জয় ও ফজলে রাব্বি সফল শট নিলে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত হয়।

এই জয়ের ফলে এশিয়ান গেমস হকির বাছাই টুর্নামেন্টে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। বাছাইপর্ব থেকে ছয়টি দল মূল আসরে অংশ নেওয়ায় বাংলাদেশের এশিয়ান গেমসে খেলা নিশ্চিত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন