জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর শুরুর দিনেই ভেন্যু বদলের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিসিবি। মূলত ভারী বৃষ্টিপাতের কারণে গতকাল রোববার বগুড়ায় মাঠে গড়ায়নি সিলেট-রংপুর ম্যাচ। ভারী বৃষ্টিপাতের কারণে ভেজা আউটফিল্ড খেলার জন্য উপযুক্ত করে তোলা সম্ভব হবেÑএমন সম্ভাবনাও নেই। সে কারণে আজ ও আগামীকালের ম্যাচগুলো বগুড়া থেকে রাজশাহীতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এই ভারী বৃষ্টিতে রাজশাহীতেও খেলা আয়োজন করা সম্ভব কি নাÑএমনটা নিয়েও আছে শঙ্কা। একাধিক ক্রিকেটার আমার দেশকে জানান, বৃষ্টি হলে দুই ভেন্যুতেই খেলতে সমস্যা হয়। মাঠ ঠিক করতে অনেক সময় লাগে। ড্রেনেজ ব্যবস্থা খুব খারাপ। এমন সুযোগ-সুবিধাহীন মাঠে এনসিএল টি-টোয়েন্টির মতো টুর্নামেন্ট আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার।
গতকাল দিনজুড়ে হওয়া বৃষ্টির কারণে শহীদ চান্দু স্টেডিয়ামে মাঠে গড়ায়নি সিলেট-রংপুর ম্যাচ। এমনকি গত পরশু হওয়া হালকা বৃষ্টিতে ক্রিকেটাররা বগুড়ায় ঠিকমতো অনুশীলনও করতে পারেনি। এমন অবস্থায় এই মৌসুমে এনসিএল টি-টোয়েন্টির মতো টুর্নামেন্ট বগুড়ায় রাখায় বেশ ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। তারা জানান, অল্প বৃষ্টি হলেই বগুড়ায় মাঠ শুকাতে দু-এক দিন লেগে যায়। সেখানে ভারী বৃষ্টি হলে তিন-চার দিন লাগে মাঠ ঠিক করতে।
এদিক চিন্তা করে দলগুলোর সঙ্গে পরামর্শ করে টেকনিক্যাল কমিটি ও টুর্নামেন্ট কমিটি আজ ও আগামীকালের ম্যাচগুলো বগুড়া থেকে রাজশাহীতে সরিয়ে নিয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর এনসিএল টি-টোয়েন্টিতে মাঠে গড়াবে না কোনো ম্যাচ। বিসিবি আশাবাদী বৃষ্টি না হলে এই সময়ের মধ্যে ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। তবে মাঠ কোনো কারণে প্রস্তুত না হলে বগুড়ার বাকি ম্যাচগুলোও রাজশাহীতে আয়োজন করা হবে বলে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

