সেমিফাইনালের এই ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুমুল। জার্মানি ও স্পেনের লড়াই বলে কথা। মাঠেও দেখা গেল দুদলের হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা। তাতে আসল জাদুটা দেখালেন বর্তমান ব্যালন ডি’অর জয়ী স্পেনের আইতানা বোনমাতি। তার গোলেই জার্মানিকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর ফাইনালে উঠলো স্পেন।
সেমিফাইনালের আগে গ্রুপ পর্বে অসুস্থতার প্রভাবে দুই ম্যাচ খেলতে পারেননি বোনমাতি। ভাইরাল মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। ইউরোর ঠিক আগেই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এরপর সময়ের সঙ্গে সঙ্গে নিজের ছন্দে ফেরেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
ম্যাচের শুরু থেকেই লড়াই। কেউ কাউকে ছেড়ে কথা বলছিলো না। নির্ধারিত সময় শেষে খেলা গড়াচ্ছিলো টাইব্রেকারের দিকে। তখনই অতিরিক্ত সময়ের ২৩ মিনিটের (১১৩ মিনিট) মাথায় বোনমাতির জাদু। আথেনেয়া দেল কাস্তিয়োর পাসে নিখুঁতভাবে জায়গা তৈরি করে দুর্দান্ত শটে গোল করেন বোনমাতি। বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে স্প্যানিশ সমর্থকেরা।
এই জয় স্পেনের জন্য ঐতিহাসিকই বটে। কেননা, এর আগে আটবার তারা বিদায় নিয়েছে ফাইনালের আগেই। নবমবারে এসে খুললো ভাগ্য। ম্যাচ শেষে আবেগঘন বোনমাতি বলেন, ‘এ নিয়ে একটা বই লিখে ফেলতে পারি!’ স্পেন কোচ মন্তসে তোমে বলেন, ‘এই টুর্নামেন্টের শুরুটা তার জন্য সহজ ছিল না। কিন্তু ওর ব্যক্তিত্বই ওকে বড় খেলোয়াড় বানিয়েছে।’
আগামী রোববার (২৭ জুলাই) ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

