দ্বিতীয় দিনের শুরুতে রাজশাহীর অলআউট হওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। আশরাফুল ইসলাম সিয়ামের দ্বিতীয় ফাইফারের দিনে ২৯৮ রানে থামে রাজশাহীর ইনিংস। ওই লক্ষ্যের জবাবে আশিকুর রহমান শিবলির দ্বিতীয় সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে আছে ঢাকা বিভাগ। শিবলির সেঞ্চুরির দিনে তারই সতীর্থ আনিসুল ইসলাম ইমন জন্ম দিয়েছেন আক্ষেপের। ক্যারিয়ারসেরা ৯৭ রান করে আউট হন তিনি। তাদের দুজনের ব্যাটিংয়ে রাজশাহীর বিপক্ষে চার উইকেটে ২৫২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে ঢাকা বিভাগ।
দিনের আরেক ম্যাচে কক্সবাজারে ২৮৮ রানে থামে ময়মনসিংহের ইনিংস। জবাবে শুভাগত হোম ও আরিফ আহমেদের বোলিং তোপে মাত্র ২১০ রানে থামে চট্টগ্রামের ইনিংস। তাতে ৭৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ময়মনসিংহ বিভাগ দুই উইকেটে ৮২ রান তুলে শেষ করেছে দ্বিতীয় দিন।
বগুড়ায় রংপুর-বরিশাল ম্যাচে মাত্র ছয় রানের লিড পেয়ে অলআউট হয় রংপুর। জবাবে সাত উইকেটে ৯০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে বরিশাল বিভাগ।
একদিন পর শুরু হওয়া সিলেট-খুলনা ম্যাচে প্রথম দিনে অলআউট হয় খুলনা বিভাগ। নাসুম আহমেদের বোলিং তোপে মাত্র ২৫৯ রানে থামে খুলনার ইনিংস। দলটির হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন মোহাম্মদ মিঠুন। নাসুম ৬১ রানে নেন চার উইকেট। ২৫৯ রানের জবাবে বিনা উইকেটে ২৮ রান তুলে দিন শেষ করেছে সিলেট বিভাগ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

