ভলিবলের জাপানি কোচ রায়ান মাসাজেদি এখন ঢাকায়। গত বৃহস্পতিবার রাতে ঢাকায় এসে পৌঁছান তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কোচকে অভ্যর্থনা জানান ফেডারেশনের সহসভাপতি মাছুদুল আলম ও অন্য কর্মকর্তারা। জাতীয় ভলিবল দলের সাবেক ইরানি কোচ আলিপোর আরজির স্থলাভিষিক্ত হলেন ইরানি বংশোদ্ভূত রায়ান মাসাজেদি।
ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ বলেন, ‘শুরুতে আমরা আলিপোর আরজির সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনিও আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে আলিপোর আরজি ব্যক্তিগত কারণে আসতে পারেননি। ফলে আমরা নতুন কোচ খুঁজছিলাম। রায়ান মাসাজেদির মতো একজন দক্ষ কোচও পেয়ে যাই। তাই কালবিলম্ব না করে তাকেই আমরা আসন্ন দুটি সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ (কাভা) আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং এসএ গেমসের জন্য বেছে নিয়েছি।’
তিনি আরো বলেন, ‘২২ অক্টোবর ঢাকায় কাভা চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। যেখানে স্বাগতিক বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও কাজাকিস্তানসহ ৯টি দেশ অংশ নেবে। এরপর ডিসেম্বরে মালদ্বীপে রয়েছে নারী সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ। সেখানে আমরা অংশ নেব। পরবর্তী সময়ে জানুয়ারি মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এসএ গেমস।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

