বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করেছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওই ম্যাচে ৬ উইকেটে জয় পায় দলটি। দুবাইয়ে ম্যাচ খেলায় উইকেট সম্পর্কে বেশ ভালো ধারণা পেয়েছে ভারতীয়রা। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পাকিস্তানকেও হারিয়ে সেমিফাইনালে পথে এগিয়ে যেতে যায় তারা। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ভারতের সহ-অধিনায়ক শুবমান গিল সংবাদ সম্মেলনে জানান, জয় পেতে হলে মাঝের ওভারে ভালো ব্যাটিং করার বিকল্প নেই। তিনি আরো জানান, এই উইকেটে ৩০০-৩২৫ হলে জয় পাওয়া সম্ভব।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের ছুড়ে দেওয়া ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে ৪৭ ওভার পর্যন্ত ব্যাটিং করে ভারত। তখন মনে হচ্ছিল উইকেট খানিকটা ধীরগতির হতে পারে। ফলে ২৮০-২৯০ হলেই জয় পাওয়া সম্ভব। তবে তেমনটা ভাবেন না শুবমান গিল। তার মতে ৩০০-৩২৫ দুবাইয়ের এই মাঠে ভালো স্কোর। তিনি বলেন, ‘আমরা অবশ্যই ইতিবাচক ও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। ৩০০-৩২৫ এই উইকেটে ভালো সংগ্রহ হবে। মাঝের ওভারে যে দল ভালো ব্যাটিং করবে তারাই জয়ের পথে এগিয়ে থাকবে।’
দুবাইয়ের উইকেটে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া একরকম নৈমিত্তিক ঘটনা। টস জিতলে ভারত কী সিদ্ধান্ত নেবে সেই প্রশ্নের জবাবে শুবমান গিলের ভাষ্য ছিল, ‘টস কোনো বিষয় না। কারণ এখানে শিশির পড়ে না। দ্বিতীয় ইনিংসে যারা ব্যাটিং করবে তারা বেশি চাপে থাকবে।’
অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হারায় খানিকটা চাপে আছে পাকিস্তান। তাদের জন্য ভারতের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই। প্রথম ম্যাচে দলটি হারায় তাদের খাটো করে দেখছেন না গিল। তার কথায়, ‘আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। কোনোভাবেই আমরা পাকিস্তানকে ছোট করে দেখছি না। ওরা ভালো দল।’ এ ছাড়া এই ম্যাচ নিয়ে ক্রিকেট দুনিয়ায় আছে বেশ আলোড়ন। এই ব্যাপারে গিলের ভাষ্য, ‘আমি জানি না আলোড়ন আছে কি না। কিন্তু এই লড়াই অনেক ঐতিহ্য বহন করে। অনেকে এই ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে থাকে।’
চ্যাম্পিয়নস ট্রফিতে জাসপ্রিত বুমরাহর অনুপস্থিতি নিয়েও হচ্ছে বেশ আলোচনা। পাকিস্তান ম্যাচের আগেও হয়েছে সেই প্রশ্ন। এর উত্তরে গিল বলেন, ‘অবশ্যই তার না থাকা আমাদের জন্য হতাশাজনক। তবে আমরা আমাদের সেরা অপশন খুঁজে নিয়ে এসেছি। তারা সুযোগ পেয়ে বেশ ভালো করছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

