স্কুল ক্রিকেট

মুস্তাকিমের ৪০৪ রানের ইনিংস

মুস্তাকিমের ৪০৪ রানের ইনিংস

ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে জাতীয় স্কুল ক্রিকেট লিগে মুখোমুখি হয়েছিল সেন্ট গ্রেগরি ও ক্যামব্রিয়ান। এই ম্যাচে সেন্ট গ্রেগরিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ক্যামব্রিয়ান। যার মূল নায়ক- মুস্তাকিম হাওলাদার ও সোয়াদ পারভেজ। দুইজনের ৬৯৯ রানের জুটিতে ক্যামব্রিয়ানের সংগ্রহ ৭৭০ রান। জবাবে সেন্ট গ্রেগরি অলআউট মাত্র ৩২ রানে। ক্যামব্রিয়ানের ৭৩২ রানের এই জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মুস্তাকিম ও সোয়াদ। মুস্তাকিমের ব্যাটে ৫০ চার ও ২২ ছক্কায় আসে অপরাজিত ৪০৪ রান আর অন্যপ্রান্তে থাকা সোয়াদের ৩২ চার ও ১৩ ছক্কায় করেন ২৫৬ রান। বাংলাদেশের স্বীকৃতি ক্রিকেটে এমন কোনো ইনিংস খেলার রেকর্ড আর নেই।

৫০ ওভারের ক্রিকেটে ৪০৪ রানের ইনিংস খেলা মুস্তাকিমের জন্য এমন বড় ইনিংস খেলার ঘটনা নতুন নয়। এর আগে উত্তরার একটি লিগে ২৫৮ রানের ইনিংস খেলেছেন তিনি। ক্যামব্রিয়ান স্কুলের ৯ম শ্রেণিতে পড়া এই বিস্ময় বালক এমন দারুণ ইনিংস খেলার পর গণমাধ্যমকে বলেন, ‘নিজের ওপর আত্মবিশ্বাস ছিল আজকে একটা কিছু করার। ব্যাটিংয়ের সময় চেষ্টা করছিলাম ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ করার। পরে দেখলাম যে ভালো লাগছে, তখন মনে হচ্ছিল যে পারব।’

বিজ্ঞাপন

৪০৪ রান করতে খেলেন ১৭০ বল। এতেই স্পষ্ট কতটা মারমুখী ছিলেন মুস্তাকিম। ক্যারিবিয়ানদের খেলা অনুসরণ করা এই বালক মনে করেন আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এমন ক্রিকেটই খেলতে হবে। তার কথায়, ‘অনুশীলনে সবসময় আক্রমণাত্মক ব্যাটিংই করা হয়। আমার কোচ বলেন, যা-ই মারবে জোর দিয়ে মারবে। মন্থর ক্রিকেট খেলা যাবে না। ক্রিকেট তো আধুনিক হয়ে গেছে। ওভাবেই তাল মিলিয়ে চেষ্টা করছি।’ সিভিল ইঞ্জিনিয়ার বাবার ছেলে মুস্তাকিম ক্রিকেটে আসার পেছনে পেয়েছেন বাবা-মার সমর্থন। ক্রিকেট খেলার জন্য বাবা বাসার ছাদে করে দিয়েছেন ইনডোর মাঠ। যেখানে নিজেকে প্রস্তুত করেন মুস্তাকিম।

স্কুল ক্রিকেট খেলা মুস্তাকিম ইতোমধ্যেই নাম লিখিয়েছেন পেশাদার ক্রিকেটে। খেলছেন ঢাকা তৃতীয় বিভাগ বাছাই লিগে। তেজকুনিপাড়া ক্রিকেট ক্লাবের হয়ে ইতোমধ্যে খেলেছেন দুই ম্যাচ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন