জাপান এশিয়ান গেমসে প্রথম ডোপিংয়ে নিষিদ্ধ থাই ব্যাডমিন্টন তারকা পিচামন

জাপান এশিয়ান গেমসে প্রথম
ডোপিংয়ে নিষিদ্ধ থাই ব্যাডমিন্টন তারকা পিচামন

এশিয়ান গেমসে প্রথমবারের মতো ডোপিংয়ের ঘটনা সামনে এসেছে। থাইল্যান্ডের উদীয়মান নারী ব্যাডমিন্টন তারকা পিচামন ওপাতনিপুথ নিষিদ্ধ ওষুধ সেবনের দায়ে অভিযুক্ত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি (আইটিএ)। এর ফলে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আইটিএ জানায়, গত ১৭ সেপ্টেম্বর প্রতিযোগিতার বাইরে নেওয়া নমুনায় তার শরীরে ‘ফুরোসেমাইড’ নামক একটি নিষিদ্ধ উপাদানের উপস্থিতি পাওয়া গেছে। সাধারণত দ্রুত ওজন কমানোর উদ্দেশ্যে বা শরীর থেকে তরল বের করে দেওয়ার জন্য ক্রীড়াবিদরা এই উপাদান ব্যবহার করে থাকেন।

বিজ্ঞাপন

বিশ্ব র‍্যাংকিংয়ে ১৮ নম্বরে থাকা এই তরুণী ব্যাডমিন্টন তারকাকে ঘিরে পদক জয়ের স্বপ্ন দেখছিল থাইল্যান্ড। মঙ্গলবার দলগত ইভেন্টে চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল তার। কিন্তু এ নিষেধাজ্ঞার ফলে তিনি গেমসে আর অংশ নিতে পারছেন না।

আইটিএ এক বিবৃতিতে নিশ্চিত করেছে, আইটিএর নির্দেশনায় এশিয়ান গেমস আইচি-নাগোয়া ২০২৬ চলাকালীন পিচামন ওপাতনিপুথ কোনো ধরনের প্রতিযোগিতা, প্রশিক্ষণ, কোচিং বা সংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।’

তবে সংস্থাটি আরো জানিয়েছে, পিচামনের কাছে এই সাময়িক নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে স্পোর্টস আর্বিট্রেশন কোর্টে (সিএএস) আপিল করার এবং তার দ্বিতীয় নমুনা পরীক্ষা করানোর পূর্ণ অধিকার রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন