ঘোষণা অনুযায়ী, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে সোমবার (২১ এপ্রিল) কাতার গেছেন বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদ। এরা হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা, ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। মরুর দেশটিতে গিয়ে মঙ্গলবার (২২ এপ্রিল) আর্থনা সম্মেলনে অংশগ্রহণ করেছেন তারা।
কাতারের দোহার ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে আর্থনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সাথে ছবি তোলেন আফিদা, রিপা, সুমাইয়া ও শারমিন।
প্রথমবারের মতো কোনো সরকারপ্রধানের রাষ্ট্রীয় সফরে সঙ্গী হয়েছেন বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের একটি দল। এই নারী ক্রীড়াবিদদের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফরের আমন্ত্রণ জানায় কাতার ফাউন্ডেশন।
কাতার সফরের আগে গত ১৭ এপ্রিল সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এই চার নারী ক্রীড়াবিদ। তাদের এই সফর সফল করতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন ড. মুহাম্মদ ইউনূস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

