শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে গতকাল দুপুরে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে ফেরেননি শেখ মাহেদি ও শামীম পাটোয়ারী। তারা দুজন ফিরবেন আজ। দেশে ফিরে আপাতত বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ দলের জন্য। আগামী ২০ জুলাই থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে আজ থেকে প্রস্তুতি শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
পাকিস্তানের বিপক্ষে এই সিরিজের আগে গত পরশু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে লিটন জানান, দুই পক্ষের জন্য চ্যালেঞ্জ থাকবে। ভালো ক্রিকেট খেললে পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া সম্ভব।
মিরপুরের স্লো আর স্পিন উইকেট সম্পর্কে পাকিস্তানের ক্রিকেটারদের জানাশোনাও বেশ ভালো। বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের আধিপত্যের কারণেই তাদের এমন জানাশোনা।
ফলে চ্যালেঞ্জ থাকবে জানিয়ে লিটন বলেন, ‘অবশ্যই পাকিস্তান সিরিজ মিরপুরে খুব একটা ইজি হবে না। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে তাদের ম্যাক্সিমাম প্লেয়ারই আমাদের বিপিএল খেলে, তারা কন্ডিশন সম্বন্ধে জানে। চ্যালেঞ্জ হবে দুই পক্ষের জন্যই। আমি আশাবাদী, আমার টিম স্মার্ট ক্রিকেট খেললে জিততে পারব।’
গত কদিন ধরে ঢাকায় প্রতিদিনই হচ্ছে বৃষ্টি। ফলে মিরপুরের উইকেট ব্যাটারদের জন্য হয়ে উঠতে পারে আরো কঠিন।
এটা মেনে নিয়ে ভালো কিছুর আশায় আছেন অধিনায়ক লিটন। তার কথায়, ‘আমি যতটা জানি ঢাকায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। সুতরাং বৃষ্টি হলে একটা উইকেট অনেকটা কঠিন হতে পারে ব্যাটিংয়ের জন্য। ব্যাটাররা ফেল করলেও করতে পারে।’ অন্যদিকে দেশে ফিরে বাংলাদেশ দলের ম্যানেজার ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল প্রশংসায় ভাসান অধিনায়ক লিটন দাসকে।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ও নিজের ক্যারেক্টার শো করেছে, আশা করি এবং দোয়া করব যেন এটা ধরে রাখে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

