সার্বিয়ায় শীর্ষে দাবাড়ু তাহসিন

সার্বিয়ায় শীর্ষে দাবাড়ু তাহসিন

সার্বিয়ার পোজারেভাচে চলমান গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের তরুণ ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। সপ্তম রাউন্ডের খেলায় ভারতের আন্তর্জাতিক মাস্টার আকাশ সারাধচন্দ্রকে হারিয়ে এই সাফল্য অর্জন করেন তিনি। সাত রাউন্ড শেষে তাহসিনের অর্জন ৫ পয়েন্ট। আন্তর্জাতিক এই আসরে কাঙ্ক্ষিত গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জন করতে হলে টুর্নামেন্টের বাকি থাকা শেষ দুই রাউন্ডের দুটিতেই জয় পেতে হবে তাকে। তাহসিনের এখন অর্জন ৪৫ রেটিং পয়েন্ট।

এর আগে পঞ্চম রাউন্ডে আয়োজক সার্বিয়ার আন্তর্জাতিক মাস্টার কিরিল কুকিনকে হারানোর পর ষষ্ঠ রাউন্ডে বুলগেরিয়ার শক্তিশালী গ্র্যান্ডমাস্টার নিকোলাস মোমচিলের বিপক্ষে ড্র তুলে নেন তাহসিন। ষষ্ঠ রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে তিনি যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছিলেন। গত ৩১ জুলাই শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। বাংলাদেশ, সার্বিয়া, ভারত, বুলগেরিয়া, রাশিয়া ও উজবেকিস্তানের মোট ১০ জন শীর্ষ দাবাড়ু এই সম্মানজনক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন