টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের ফাইনালে আগামী ১১ জুন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আসন্ন ম্যাচটিকে সামনে রেখে দল ঘোষণা করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
ভারতকে হারিয়ে সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। সাদা পোশাকের বিশ্বকাপের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন প্যাট কামিন্স, ক্যামেরুন গ্রিন ও জশ হ্যাজলউড। যথারীতি নেতৃত্বে থাকছে সিমিং অলরাউন্ডার কামিন্সের কাঁধেই। তার পাশাপাশি পেস ইউনিট সামলাবেন হ্যাজলউড, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ডরা। দলে রাখা হয়েছে স্টিভ স্মিথ, উসমান খাজা, ট্রাভিস হেড, মার্নাশ লাবুশানদের মতো অভিজ্ঞ ব্যাটারদের। স্পিন বিভাগে আছেন নাথান লায়ন ও ম্যাথু কুনেম্যান।
এদিকে নিয়মিত মুখদের নিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলটিতে রাখা হয়েছে সময়ের সেরা পেসারদের একজন কাগিসো রাবাদাকে। রিক্রিয়েশনাল ড্রাগ নিয়ে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তবে চলতি মাসের শুরুর দিকে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হন তিনি। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে কোনো বাঁধা নেই তার। ৯ মাস পর দলে ফেরানো হয়েছে লুঙ্গি এনগিদিকে। গত আগস্টের পর আর এই সংস্করণে দেখা যায়নি তাকে। পরিচিত মুখ কেশব মহারাজ ছাড়াও দলে রাখা হয়েছে আরও এক স্পিনার- সেনুরান মুথুসামি।
একনজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াড
অস্ট্রেলিয়া: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাট কুনেম্যান, মার্নাস লাবুশান, নাথান লায়ন, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার। ট্রাভেলিং রিজার্ভ: ব্রেন্ডন ডগেট
দক্ষিণ আফ্রিকা: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, করবিন বশ, টনি ডি জর্জি, মার্কো জানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুলডার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, ড্যান পিটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস ও কাইল ভারানে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

