রিয়াল মাদ্রিদের সঙ্গে লুকা মদ্রিচের পথচলার গল্পটা দীর্ঘদিনের। সেই গল্পে এবার ছেদ পড়তে যাচ্ছে। স্প্যানিশ ক্লাবটিকে বিদায় জানানোর ঘোষণা দিলেন মদ্রিচ। ফিফা ক্লাব বিশ্বকাপ শেষেই রিয়াল মাদ্রিদ ছাড়বেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার। এক ইনস্টাগ্রাম বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন মদ্রিচ।
বৃহস্পতিবার (২২ মে) এক ইনস্টাগ্রাম বার্তায় মদ্রিচ জানিয়েছেন, লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটিই সান্তিয়াগো বার্নাব্যুতে তার শেষ ম্যাচ। মজার ব্যাপার হলো, একই ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদের ডাগ আউট থেকে সরে দাঁড়াবেন তাদের কোচ কার্লো আনচেলত্তিও।
রিয়াল মাদ্রিদের সঙ্গে মদ্রিচের পথচলা এক যুগেরও বেশি সময় ধরে। ৩৯ বছর বয়সী মদ্রিচ মাদ্রিদের ক্লাবটিতে যোগ দেন ২০১২ সালে। গত ১৩ বছরে রিয়ালের হয়ে ৬টি চ্যাম্পিয়নস লিগ ও ৪টি লা লিগাসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন তিনি। রিয়ালের জার্সিতে খেলেছেন ৫৯০ ম্যাচ।
বিদায়বার্তায় এই ক্রোয়েট মিডফিল্ডার লিখেছেন, ‘সময়টা এসে গেছে। সেই মুহূর্ত, যেটা আমি কখনোই আসতে দিতে চাইনি। তবে ফুটবল আর জীবনে সবকিছুর শুরু আছে, শেষও আছে। শনিবার (সোসিয়েদাদের বিপক্ষে) সান্তিয়াগো বার্নাব্যুতে আমি আমার শেষ ম্যাচটি খেলব।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

