বাজেট বাড়ছে ক্রীড়া ক্ষেত্রে, প্রস্তাব ২৪২৩ কোটি টাকা

বাজেট বাড়ছে ক্রীড়া ক্ষেত্রে, প্রস্তাব ২৪২৩ কোটি টাকা

২০২৫-২৬ অর্থবছরের জন্য গতকাল বাজেট প্রস্তাব পেশ করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল সোমবার এই বাজেট প্রস্তাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য পরিচালন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে মোট ২ হাজার ৪২৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। আগের বছরে অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত বরাদ্দ ছিল মোট ১ হাজার ৫৮০ কোটি ৭৮ লাখ ৩৭ হাজার টাকা। প্রস্তাবিত বাজেট সংশোধিত বাজেটের তুলনায় ৮৪২ কোটি ২১ লাখ ৬৩ হাজার টাকা বেশি। অর্থাৎ এই বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৫৩ দশমিক ২৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

আগামী অর্থবছরের জন্য বরাদ্দ মোট অর্থের ১ হাজার ৪৪০ কোটি ৩৭ লাখ টাকা উন্নয়ন খাতে এবং পরিচালন খাতের জন্য ৯৮২ কোটি ৬৩ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরে উন্নয়ন খাতে ৬২৭ কোটি ৯৫ লাখ ও পরিচালন খাতে বরাদ্দ ছিল ৯৫২ কোটি ৮৩ লাখ ৩৭ হাজার টাকা। আগামী অর্থবছরে উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। গত অর্থবছরের চেয়ে আসন্ন অর্থবছরে উন্নয়ন খাতে ১২৯ দশমিক ৩৮ শতাংশ বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। পরিচালন খাতে বরাদ্দ ৩ দশমিক ১৪ শতাংশ বরাদ্দ বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প, বিভিন্ন জায়গায় স্টেডিয়াম নির্বাচন ও বিকেএসপির প্রশিক্ষণ সুবিধা বাড়ানোর মতো প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ ছাড়া মানবসম্পদ উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ ছাড়া ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন, ক্রীড়া পুরস্কার, প্রতিভা অন্বেষণ ও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনকে অনুদান দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পাশাপাশি অসচ্ছল ক্রীড়াবিদদেরও সাহায্য করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন