দেশি ফুটবলার গড়ে তুলতে হবে : ইমরুল হাসান

দেশি ফুটবলার গড়ে তুলতে হবে : ইমরুল হাসান

হাই প্রোফাইল প্রবাসী ফুটবলারের আগমনে দেশের ফুটবলে জোয়ার উঠেছে। এরই মধ্যে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দেওয়ান হামজা চৌধুরীর। তার সঙ্গে এবার খেলবেন কানাডা লিগ মাতানো শমিত সোম। ইতালি লিগে খেলা ফাহামিদুলও বাংলাদেশের জার্সি গায়ে চাপতে ঢাকায় এসেছেন। আগে থেকেই দলে আছেন জামাল ভূঁইয়া আর তারিক কাজী। এই পাঁচ প্রবাসী একসঙ্গে দলে থাকায় দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশ এখন শক্তিধর দল।

সামনে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ। প্রতিপক্ষ র‌্যাংকিংয়ে ২২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুর। ১০ জুন জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি। এ ম্যাচকে ঘিরেই দেশের ফুটবলে উত্তেজনা তুঙ্গে। প্রত্যাশা করা হচ্ছে, সিঙ্গাপুর ম্যাচে ভালো কিছু করে দেখাবে বাংলাদেশ। বর্তমান বাংলাদেশ দলটি নিয়ে বেশ আশাবাদী বাফুফে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। হামজার পর বাংলাদেশ দলে শমিতের অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

বিজ্ঞাপন

আমার দেশকে ইমরুল হাসান বলেন, ‘শমিতের যে প্রোফাইল, আমাদের দলের জন্য সংযোজন নিঃসন্দেহে একটা বিশাল ইতিবাচক ভূমিকা রাখবে। আমি মনে করি, তার অন্তর্ভুক্তিটা বাংলাদেশ জাতীয় দল অনেক শক্তিশালী হবে নিশ্চয়।’

ইংল্যান্ড প্রবাসী হামজাকে অনেক উঁচু মানের ও সমৃদ্ধ খেলোয়াড় মনে করেন ইমরুল হাসান। তবে হামজা একা বাংলাদেশের ফুটবলের মানটা উঁচুতে নিয়ে যেতে পারবেন না। ইমরুলের মতে, তার আশপাশে যারা খেলবেন, তাদের মানসম্মতভাবে তৈরি করতে হবে এবং ফুটবলের পাইপলাইন সমৃদ্ধ করতে হবে।

তিনি বলেন, ‘হামজা আসাতে যেটা হয়েছে, আমাদের ফুটবলের ব্র্যান্ডিংটা অনেক বেড়েছে। এই ব্র্যান্ডিংটার কারণে আমাদের ফুটবলের মার্কেটিং খুব সহজ হচ্ছে। ফলে স্পন্সররা অনেক আগ্রহ দেখাচ্ছে। এটা বিশাল ইতিবাচক ভূমিকা রাখছে। কারণ সবকিছুর মূলেই কিন্তু অর্থ। হামজার পাশাপাশি আরো বেশ কিছু বংশোদ্ভূত খেলোয়াড় আছে। এটাও আমাদের জন্য ইতিবাচক দিক। তবে শুধু বংশোদ্ভূত খেলোয়াড়দের ওপর নির্ভর করে আমাদের ফুটবল র‌্যাংকিংটাকে এগিয়ে নিতে যেতে পারব না। কারণ এমনো সময় হতে পারে যে, দেখা গেল- হামজা ও অন্য যাদের কথা বলছি, তারা এক সময় জাতীয় দলের জন্য অ্যাভেইলেভেল নাও হতে পারে। সুতরাং আমাদের দেশীয় খেলোয়াড়দের সেভাবে গড়ে তুলতে হবে।’

কীভাবে আন্তর্জাতিক মানের দেশি ফুটবলার গড়ে তুলতে হবে- সেটিও জানালেন ইমরুল হাসান, ‘এজন্য আমি মনে করি যে, জাতীয় পর্যায়ে আমাদের বেশ কিছু বয়সভিত্তিক দল থাকতে হবে। যে ক্লাবগুলো আছে, প্রত্যেকটিতে দলের অন্তত দুই-তিনটি করে বয়সভিত্তিক দল থাকা উচিত। যদি প্রত্যেকটি দল সিরিয়াস হয়, মনে করি যে, আমাদের পাইপলাইনের যে ঘাটতি, সেটি অনেক সমৃদ্ধ হবে। এখান থেকে তারা জাতীয় দলকে অনেক দিন সার্ভিস দিতে পারবে। সঙ্গে বিদেশি খেলোয়াড়দের অন্তর্ভুক্তি করে- এ দুটির সমন্বয়ে আমাদের পক্ষে সম্ভব, সাউথ এশিয়ার গণ্ডি ছাড়িয়েও আরো বেশি দূর এগিয়ে যাওয়ার।’

হামজা-শমিতরা জাতীয় দলে যুক্ত হয়েছেন। তাদের কী ঘরোয়া ফুটবলে অন্তর্ভুক্ত করা সম্ভব বলে মনে করেন? ইমরুল হাসান বলেন, ‘হামজা চৌধুরী আর শমিতের যে প্রোফাইল এবং পারিশ্রমিক, আমার মনে হয় বাংলাদেশের ক্লাবগুলো তাদের চাহিদা পূরণ করতে সক্ষম হবে (আর্থিক দিক থেকে)। তাদের আমাদের লোকাল লিগে খেলানোটা কষ্টকরই হবে।’

এদিকে, শেষ হওয়া পেশাদার ফুটবল লিগে তৃতীয় হয়েছে বসুন্ধরা কিংস। টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার পর এবার তাদের ছন্দপতন। এই ব্যর্থতার কারণ হিসেবে ক্লাবটির সভাপতির দায়িত্বে থাকা ইমরুল হাসান বলেন, ‘প্রথম কারণের মধ্যে আছে, আমাদের বেশ কিছু খেলোয়াড় ইনজুরিতে পড়েছে। যাদের সার্ভিস আমরা সারা বছরই পাইনি। যেমন- তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ- এদের কথা বলতে পারি। দ্বিতীয়ত, আমরা যেসব বিদেশি খেলোয়াড়- বিশেষ করে স্ট্রাইকার যাকে এনেছিলাম, সেও ইনজুরিতে পড়ে কাঙ্ক্ষিত নৈপুণ্যটা দেখাতে পারেনি। আমি মনে করি, দেশীয় খেলোয়াড়দের চেয়ে বিদেশিদের অনুপস্থিতি আমাদের বেশি ভুগিয়েছে। সব মিলিয়ে আসলে আমরা লিগ রেসে পিছিয়ে পড়েছি।’

তিনি আরো বলেন, ‘সামনের বছরে আমাদের সে লক্ষ্য থাকবে যেন সবকটি শিরোপাই জিততে পারি। তো এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি মনে করি যে, শেষের দুই-একটি যদি পর্যবেক্ষণ করেন, তাহলে কোচের মাধ্যমে পুরো দল ছন্দ ফিরে পেয়েছে। এটা কিন্তু আমাদের পজিটিভ দিক। যেটা হয়তো আমাদের পরবর্তী বছরের ক্ষেত্রে দল গঠনে সহায়তা করবে। আমরা আসলে কাজ চালিয়ে যাচ্ছি পরবর্তী বছরের জন্য। আশা করছি, আমাদের সমর্থক যারা আছেন, তারা পরবর্তী বছরে হতাশ হবেন না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন