অনূর্ধ্ব–২৩ এশিয়ান কাপ

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে খুব আশা নিয়ে গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। তবে প্রথম দুই ম্যাচ শেষেই আশার বেলুন ফুটো করে দিয়েছেন শেখ মোরসালিনরা। ইয়েমেনের বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে ১-০ ব্যবধানের পরাজয়ে বাছাই থেকেই বিদায়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ।

ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে থাকা ইয়েমেনের সঙ্গে তাল মিলিয়েই লড়াই করেছে বাংলাদেশ। এই ম্যাচের আগে সমীকরণ ছিল, এশিয়ান কাপের চূড়ান্তপর্বে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে এক পয়েন্ট লাগবেই। এরপর শেষ ম্যাচের হিসেব।

পুরো ম্যাচে সমানে সমান লড়ে যাওয়া বাংলাদেশ প্রথম ধাক্কাটা খায় ৮৭তম মিনিটে। মজিবর রহমান বক্সের বাইরে পা চালাতে গিয়ে ইয়ামেনের এক খেলোয়াড়কে আঘাত করলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দলে পরিণত হওয়া বাংলাদেশকে চেপে ধরে ইয়েমেন।

নির্ধারিত ৯০ মিনিট সমানে সমান লড়ার পর অতিরিক্ত ৪ মিনিট পায় দুদল। আর তখনই চূড়ান্ত ধাক্কা। বাংলাদেশের বক্সে বল দেওয়া-নেওয়ার মধ্যেই গোলকিপার মেহেদী হাসানকে ফাঁকি দিয়ে বল জড়িয়ে দেন বদলি খেলোয়াড় মোহাম্মদ এসাম আল আওয়ামী। ব্যস! শেষ হয়ে যায় বাংলাদেশের এশিয়ান কাপ স্বপ্ন।

বাছাইয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশ এখন চার নম্বরে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ চূড়ান্ত পর্বে খেলবে। বাংলাদেশ তাদের শেষ ম্যাচটি খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচটি জিতলেও ৩ পয়েন্ট নিয়ে ১২ রানার্সআপের সেরা চারে থাকার সম্ভাবনা অতি ক্ষীণ। ‘সি’ গ্রুপের অন্য খেলায় সিঙ্গাপুর-ভিয়েতনাম ড্র করলেই কাগজে-কলমের সম্ভাবনাটুকুও শেষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন