চ্যাম্পিয়নস ট্রফি

ইংলিশদের বিদায় করে টিকে রইল আফগানরা

ইংলিশদের বিদায় করে   টিকে রইল আফগানরা

ইব্রাহিম জাদরান ব্যাটিংয়ে ঝলক দেখালেন। উপহার দিলেন অবিশ্বাস্য এক ইনিংস। তার অনন্য দেড়শ ছাড়ানো ইনিংসে জয়ের স্বপ্নটা বুঁনেছিল আফগানরা শুরুতেই। জবাবে ইংল্যান্ডের বেন ডাকেট জ্বলে উঠতে না পারলেও আফগানিস্তানের দাপুটে বোলিংয়ের সামনে রুখে দাঁড়ান জো রুট। জাদরানের মতো হাঁকান দুর্বার এক সেঞ্চুরি। তবে তার ব্যাটিং বীরত্ব কাজেই লাগল না। শেষ হাসি হাসল আফগানিস্তানই। ৮ রানে জিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠার লড়াইয়ে টিকে রইল আফগানরা। বাঁচা-মরার ম্যাচে হেরে যাওয়ায় বিদায় নিশ্চিত হলো ইংলিশদের।

বিজ্ঞাপন

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জো রুট এনে দেন ১২০ রানের চমৎকার এক ইনিংস। ১১১ বলে ১১ বাউন্ডারি ও ১ ছক্কায় ইনিংসটি সাজিয়ে ইংলিশ এ তারকা ব্যাটার ফেরেন সাজঘরে। বেন ডাকেট ও জস বাটলারের ব্যাট ছুঁয়ে আসে সমান ৩৮ করে। কিন্তু জয়ের খুব কাছে গিয়েও ৪৯.৫ ওভারে ৩১৭ রানে এসে থেমে যায় ইংলিশরা।

আজ ইব্রাহিম জাদরান একাই ১৭৭ রানের ইনিংস খেললেন। আফগানিস্তান গড়ে ৭ উইকেটে ৩২৫ রানের বড় সংগ্রহ। টস জিতে আগে ব্যাটিং নেয় আফগানরা। ইনিংসের শুরুটা মোটেও ভালো ছিল না তাদের। বিধ্বংসী গতির বোলিংয়ে আফগানিস্তানের টপঅর্ডার ধসিয়ে দেন জোফরা আর্চার। ৩৭ রানের মধ্যে ৩ উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার। বিপাকে পড়া আফগানিস্তানকে বড় সংগ্রহের পথে নিয়ে যান ওপেনার জাদরান। অধিনায়ক শহিদি ৪০ রানে ফিরলেও জাদরান ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে যান। পঞ্চম উইকেটে আজমাতুল্লাহ ওমরজাইয়ের সঙ্গে ৭২ আর মোহাম্মদ নবির সঙ্গে ১১১ রানের আরো দুটি লম্বা জুটি গড়ে আফগানিস্তানকে রানপাহাড়ের চূড়ায় পৌঁছে দেন জাদরান।

১৭৭ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন এই ব্যাটার। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আগে গত বছরের মার্চে সর্বশেষ খেলেছিলে জাদরান। তার ৩৫ ম্যাচের ছোট্ট ক্যারিয়ার। এ নিয়ে ষষ্ঠ সেঞ্চুরি করে ফেললেন এই ব্যাটার। আফগানিস্তানের ওয়ানডে ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন জাদরান। এর পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রফিতেও ব্যক্তিগত সর্বোচ্চ রেকর্ড গড়েন জাদরান।

সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ৩২৫/৭, ৫০ ওভার (জাদরান ১৭৭, ওমরজাই ৪১, নবি ৪০, শাহিদি ৪০; আর্চার ৩/৬৪ ও লিভিংস্টোন ২/২৮)।

ইংল্যান্ড: ৩১৭/১০, ৪৯.৫ ওভার (রুট ১২০, ডাকেট ৩৮, বাটলার ৩৮; ওমরজাই ৫/৫৮)।

ফল : আফগানিস্তান ৮ রানে জয়ী।

ম্যাচসেরা : ইব্রাহিম জাদরান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন