কড়া নিরাপত্তায় স্টেডিয়াম চত্বর

তিনটায় গেট খুলবে, বন্ধ বিকেল পাঁচটায়

তিনটায় গেট খুলবে, বন্ধ বিকেল পাঁচটায়

ফুটবল আনন্দে ভাসছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ফুটবলারদের অনুশীলন সেশন দেখতেও প্রতিদিন ভিড় করছেন ভক্ত-সমর্থকরা। স্টেডিয়াম গেটে বাস থেকে ফুটবলাররা নামতেই তাদের দেখে সমর্থকরা উল্লসিত হচ্ছেন। মোবাইলে মূহুুর্তটাকে ধরে রাখার কসরতে ব্যস্ত তারা। ৪ জুন জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হামজা চৌধুরীদের দেখতে ফুটবলামোদিদের বাঁধভাঙ্গা জোয়ার নামে। সেই ম্যাচের সময়কার মাঠ এবং স্টেডিয়াম সংলগ্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছে বাফুফে। সেই অনুযায়ী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য ফুটবলারদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ভুটানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল তা এখন বাড়িয়ে দ্বিগুন করা হয়েছে। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাফুফে থেকে জানিয়ে দেওয়া হয়েছে ম্যাচ শুরুর দু’ঘন্টা আগেই বন্ধ হয়ে যাবে স্টেডিয়ামের গেট। খেলার টিকিট ছাড়া কাউকে স্টেডিয়াম চত্বরে প্রবেশ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এই ম্যাচ চলাকালে নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিদ্র রাখতে স্টেডিয়াম চত্বরের সকল দোকান পাট বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত আগেভাগেই দোকান মালিক সমিতিকে জানিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

স্টেডিয়াম এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানান, চার ও তিন নম্বর গেটে চারটা করে গেট ছিল। এখন আমরা আটটা করে গেট ইউ করছি। র‌্যাব, পুলিশ, আনসার বিজিবি এবং আমাদের পার্সোনাল সিকিউরিটি, ভলান্টিয়ার থাকছে। স্টেডিয়ামের গেট ওপেন হবে তিনটায়। ক্লোজিং টাইম পাঁচটা। খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায়।’

স্টেডিয়াম এলাকার সার্বিক নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সোমবার বিশেষ মহড়া পরিচালনা করে। কাঁটাতাঁরের বেড়া টপকে যাতে মাঠে কোনো অতিউৎসাহী দর্শক খেলা চলাকালে মাঠে প্রবেশ না করতে পারে সেদিকেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাফুফে সদস্য ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানান, ১০ জুন সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচকে ঘিরে গোটা স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যেন উৎসবের আমেজ থাকে সেই চেষ্টাই করা হচ্ছে। স্টেডিয়ামের আশেপাশে ফ্যানজোন থাকবে। জাতীয় দলের সাবেক খেলোয়াড়রা যাতে এই ম্যাচ মাঠে বসে উপভোগ করতে পারেন সেই আয়োজনও করা হয়েছে। নানা রকম স্টল থাকবে। সবাই ফুটবল আনন্দে মেতে যেন এই ম্যাচ উপভোগ করতে পারে সেদিকেই দৃষ্টি দিয়েছে বাফুফে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন