শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষেই ম্যাচের পরিণতি টের পাওয়া যাচ্ছিল। নাটকীয় কিছু হয়নি। গল টেস্টে লঙ্কানদের ইনিংস ও ২৪২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে ২ ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেল অতিথিরা।
প্রথম ইনিংসে রান পাহাড়ে চড়ে অস্ট্রেলিয়া। ৬৫৪ রানে ৬ উইকেট হারিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারী দল। ম্যাচ টিকিয়ে রাখার জন্য দারুণ জবাব দিতে হতো শ্রীলঙ্কাকে। সেটা তো পারেইনি, উল্টো ১৬৫ রানে গুটিয়ে ফলোঅনে পড়ে তারা।
৪৮৯ রানে পিছিয়ে থাকা শ্রীলঙ্কাকে ফের ব্যাটিংয়ে নামাতে তাই খুব একটা ভাবতে হয়নি অজি দলপতি স্টিভ স্মিথকে। এ যাত্রাতেও লড়াই করতে পারেনি স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ২৪৭ রানে অলআউট হয় তারা।
শ্রীলঙ্কাকে ২০ উইকেটের মধ্যে ১৭টাই নেন স্পিনাররা। সামনে থেকে নেতৃত্ব দেন ম্যাথু কুনেম্যান। ২ ইনিংস মিলিয়ে এই স্পিনারের শিকার ৯ উইকেট। নাথান লায়ন নেন ৭ উইকেট। স্পিনারদের হয়ে বাকি উইকেটটি ঝুলিতে পুরেন টড মার্ফি। পেসারদের মধ্যে একাই ৩ উইকেট নেন মিচেল স্টার্ক।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৬৫৪/৬ (১৫৪ ওভার); উসমান খাজা ২৩২, স্টিভ স্মিথ ১৪১; জেফরি ভ্যান্ডারসে ৩/১৮২
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৬৫/১০ (৫২.২ ওভার); দিনেশ চান্দিমাল ৭২, ধনঞ্জয়া ডি সিলভা ২২; ম্যাথু কুনেম্যান ৫/৬৩
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ২৪৭/১০ (৫৪.৩ ওভার); ভ্যান্ডারসে ৫৩, অ্যাঞ্জেলো ম্যাথিউস ৪১, ডি সিলভা ৩৯; নাথান লায়ন ৪/৭৮
ফল: অস্ট্রেলিয়া ইনিংস ও ২৪২ রানে জয়ী
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

