চ্যাম্পিয়নস ট্রফি

মিরপুরে বাংলাদেশের প্রস্তুতি শুরু

মিরপুরে বাংলাদেশের প্রস্তুতি শুরু

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে শনিবার (৮ ফেব্রুয়ারি) প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ২টায় অনুশীলন শুরু হয়। অনুশীলন চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ দলের সরাসরি দুবাইয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নতুন পরিকল্পনায় এখানে এসেছে পরিবর্তন। দুই দিন এগিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। তারা জানায়, আগের পরিকল্পনায় কোনো প্রস্তুতি ম্যাচ খেলা র কথা ছিল না। নতুন পরিকল্পনায় টুর্নামেন্ট শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

সময় স্বল্পতায় চ্যাম্পিয়নস ট্রফিতে আইসিসির তত্ত্বাবধানে কোনো প্রস্তুতি ম্যাচ আয়োজন করা হচ্ছে না। আইসিসির ওই সিদ্ধান্তের পর চ্যাম্পিয়নস ট্রফি খেলতে সরাসরি দুবাইয়ে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। টুর্নামেন্টের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্তে বদল এনেছে বিসিবি। ওই সিদ্ধান্ত অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফি খেলতে সরাসরি আগে পাকিস্তানে যাবে। ওখানে অনুশীলন করে পরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

আইসিসি আনুষ্ঠানিক কোনো প্রস্তুতি ম্যাচ না রাখায় নিজেদের উদ্যোগে প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে বিসিবি। আগামী ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুবাইয়ে এই প্রস্তুতি ম্যাচ খেলবে শান্ত-মুশফিকরা। এর আগে পাকিস্তানে থেকে দুবাইয়ে বাংলাদেশ দল পৌঁছাবে ১৬ ফেব্রুয়ারি। ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম অনুশীলন করবে বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন