উদীয়মান অ্যাথলেটদের দায়িত্ব নিচ্ছে সরকার

উদীয়মান অ্যাথলেটদের দায়িত্ব নিচ্ছে সরকার

তৃণমূল থেকে উঠে আসা উদীয়মান অ্যাথলেটদের দায়িত্ব নিচ্ছে সরকার। তাদের দীর্ঘমেয়াদে গড়ে তোলা হবে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে এমন ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, উদীয়মান ক্রীড়াবিদের ভবিষ্যতের দায়িত্ব নেবে সরকার। দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নিয়েছিল এক লাখ ৬৮ হাজার কিশোর-কিশোরী। তাদের মধ্য থেকে বাছাই করা হয়েছে ৩০৬ প্রতিশ্রুতিশীল খেলোয়াড়কে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) তাদের দুই মাসের নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণ শেষে যারা নিজেদের সর্বোচ্চ সক্ষমতা প্রমাণ করতে পারবে, তাদের পড়াশোনা ও খেলাধুলার সার্বিক ব্যয়ভার বহন করবে সরকার। আগামী দিনে জাতীয় মানের অ্যাথলেট তৈরির জন্য দীর্ঘমেয়াদি কাঠামো গড়ে তোলার লক্ষ্য সরকারের।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘খেলাধুলাকে শুধু সাময়িক বিনোদন কিংবা স্বল্পমেয়াদি মাঠের অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নতুন প্রজন্মকে নিয়ে একটি সমৃদ্ধ ও পেশাদার ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্য সামনে রেখেই চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ভাবনার আলোকে এবং বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের বড় আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি। এরই মধ্যে জাতীয় দলের খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা চালুর মাধ্যমে খেলাধুলাকে রাষ্ট্রীয় ও পেশাগত স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হয়েছে। দেশের তরুণ ও কিশোর সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড, মাদকের ভয়াল থাবা এবং অতিরিক্ত ডিভাইস আসক্তি থেকে দূরে রেখে একটি সুস্থ ও দেশপ্রেমিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ধারাবাহিক প্রশিক্ষণ ও পূর্ণ সরকারি পৃষ্ঠপোষকতার এ উদ্যোগের মধ্য দিয়ে তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের দীর্ঘমেয়াদে গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরো শক্তিশালী করার প্রত্যাশা করা হচ্ছে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন