কিছুদিন আগে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশে নেমে গেছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও অবনমন হলো লিটন কুমার দাসদের। এই সংস্করণেও দশে নেমে গেছে তারা।
মূলত টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের প্রভাব পড়েছে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে। এই সংস্করণে টানা দুটি সিরিজে মোট চারটি ম্যাচ হেরেছে ফিল সিমন্সের শিষ্যরা। তাতেই র্যাঙ্কিংয়ে নয় থেকে দশে নেমে গেছে বাংলাদেশ।
টানা দুটি ম্যাচ হেরে ইতোমধ্যে পাকিস্তানের কাছে সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ। এর আগে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে তারা। তাতে ৫ রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের। বর্তমানে তাদের নামের পাশে আছে ২২০ রেটিং পয়েন্ট।
বাংলাদেশের অবনমনে নয়ে উঠেছে আফগানিস্তান। যদিও নতুনকরে কোনো রেটিং যোগ হয়নি তাদের। আগের মতোই আফগানদের পুঁজি ২২৩ রেটিং পয়েন্ট। ২০২ পয়েন্ট নিয়ে ১১ তে অবস্থান করছে আয়ারল্যান্ড।
শীর্ষে আছে ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নামের পাশে শোভা পাচ্ছে ২৭১ পয়েন্ট। সেরা পাঁচের বাকি দলগুলো হলো অস্ট্রেলিয়া (২৬২), ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজ (২৪৬)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

