‘গুরু’ হতে চান না ক্লেমেন্ট, তবু তার মডেলে বিশ্বচ্যাম্পিয়ন নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক

‘গুরু’ হতে চান না ক্লেমেন্ট, তবু তার মডেলে বিশ্বচ্যাম্পিয়ন নেদারল্যান্ডস

২০১০ বিশ্বকাপে জার্মানির সব ম্যাচের ফল ঠিকঠাক বলে দিয়ে আলোচনায় এসেছিল ‘পল দ্য অক্টোপাস’। কিন্তু সময়ের সঙ্গে সেই আলোচনাকে ছাড়িয়ে গেছেন জার্মান অর্থনীতিবিদ ইওয়াখিম ক্লেমেন্ট। কারণ, ২০১৪ সাল থেকে টানা তিনটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করেছে তার তৈরি গাণিতিক মডেল।

এবার সেই মডেল বলছে, ২০২৬ বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস। আর তাতেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ক্লেমেন্ট। তবে নিজেকে ‘গুরু’ বা অলৌকিক ক্ষমতার অধিকারী ভাবতে নারাজ তিনি।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ক্লেমেন্ট বলেন, ‘এটা শুরু হয়েছিল অর্থনীতিবিদদের অহংকার দেখানোর একটি পরীক্ষা হিসেবে। আমরা অনেক সময় এমন বিষয়ও পূর্বাভাস দেওয়ার চেষ্টা করি, যেগুলো সম্পর্কে আসলে আমাদের স্পষ্ট ধারণা নেই।’

তার ভাষায়, ‘এখন এটা এমন জায়গায় গেছে, যেখানে আপনি যদি কয়েকবার ভাগ্যবান হন, মানুষ আপনাকে গুরু ভাবতে শুরু করে।’

২০১৪ সালে প্রথমবার তার মডেল জার্মানিকে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিল। পরে ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনার নামও সঠিকভাবে বেরিয়ে আসে সেই মডেল থেকে। টানা তিনবার মিলে যাওয়ায় এবার তার পূর্বাভাসকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন ফুটবল সমর্থকরা।

ক্লেমেন্টের সিমুলেশন অনুযায়ী, এবারের বিশ্বকাপে ইংল্যান্ড সেমিফাইনাল পর্যন্ত উঠবে, কিন্তু ২০০৬ সালের মতো আবারও পর্তুগালের কাছে হেরে বিদায় নেবে। একইসঙ্গে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলকে হারিয়ে দেবে জাপান—এমন চমকও দেখাচ্ছে তার মডেল।

তবে এত কিছুর পরও নিজের পূর্বাভাস নিয়ে খুব বেশি আত্মবিশ্বাসী নন ক্লেমেন্ট। তার মতে, ফুটবলে ভাগ্যের ভূমিকা বিশাল।

তিনি বলেন, ‘অন্য ৫০ শতাংশই ভাগ্য। বিশেষ করে যখন সমমানের দুই দল মুখোমুখি হয়, তখন দিনের ফর্ম, রেফারির সিদ্ধান্ত বা পোস্টে লেগে বল বাইরে যাওয়া—এসবই ম্যাচের ভাগ্য বদলে দেয়। এসব কোনোভাবেই আগাম বলা সম্ভব নয়।’

পেশায় একটি বিনিয়োগ ব্যাংকের কৌশলবিদ ক্লেমেন্ট। বিশ্বকাপের সময় নিজের কাজের বাইরে এই গবেষণাকে তিনি এক ধরনের আনন্দ হিসেবেই দেখেন। তার মতে, যুদ্ধ-সংকট আর বৈশ্বিক অস্থিরতার এই সময়ে ফুটবলভিত্তিক এমন আলোচনা মানুষকে কিছুটা হলেও স্বস্তি দেয়।

তবে ভবিষ্যদ্বাণী বারবার মিলে যাওয়ায় সহকর্মীদের প্রত্যাশাও বেড়ে গেছে। নেদারল্যান্ডসকে চ্যাম্পিয়ন বলার পর তার কয়েকজন সহকর্মী নাকি ডাচদের ওপর বাজিও ধরেছেন।

হাসতে হাসতে ক্লেমেন্ট বলেন, ‘যদি নেদারল্যান্ডস বিশ্বকাপ থেকে ছিটকে যায়, তাহলে পরদিন হয়তো আমাকে বাসা থেকেই অফিস করতে হবে!’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন