আগামী নারী ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করেছে আইসিসি। তাতে ভারতের চারটি ভেন্যুকে বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি পাকিস্তানের জন্য নির্ধারণ করা হয়েছে শ্রীলঙ্কার একটি মাঠ। সেই মাঠে নিজেদের ম্যাচগুলো খেলবে পাকিস্তান।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সোমবার (২ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্ট শুরুর ও নকআউট পর্বের দিনক্ষণ এবং ভেন্যু প্রকাশ করেছে। তাতে পাকিস্তান বাদে বাকি দলগুলোর ম্যাচগুলো বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম, গুয়াহাটির এসিএ স্টেডিয়াম, ইন্দোরের হলকার স্টেডিয়াম, ভিশাখাপত্তমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে। পাকিস্তান খেলবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
নকআউটের ভেন্যু নির্ভর করবে পাকিস্তানের যোগ্যতা অর্জনের ওপর। তাদের জন্য বিকল্প ভেন্যু রাখা হয়েছে। ২৯ অক্টোবর প্রথম সেমি-ফাইনাল হবে গুয়াহাটি অথবা কলম্বোয়। ৩০ অক্টোবর দ্বিতীয় সেমি-ফাইনাল হবে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু অথবা কলম্বোয় ফাইনাল হবে ২ নভেম্বর। পাকিস্তান সেমি-ফাইনাল ও ফাইনালে উঠলেই কেবল ম্যাচ দুটি হবে কলম্বোতে।
৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে এই আসর। আট দলের টুর্নামেন্টে প্রথম পর্বে ম্যাচ হবে মোট ২৮টি। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমি-ফাইনালে।
এই আসরে স্বাগতিক ভারতসহ ২০২২-২৫ আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি জায়গা করে নিয়েছে। অন্য পাঁচ দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা। বাছাই পেরিয়ে মূল পর্বের টিকেট পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

