ইংল্যান্ডে ইমামের ব্যাটে রানবন্যা

ইংল্যান্ডে ইমামের ব্যাটে রানবন্যা

ইংল্যান্ডে রানের ফোয়ারা চলছে পাকিস্তানি ব্যাটার ইমাম-উল-হকের ব্যাটে। দেশটির ওয়ানডে কাপে আরেকটি সেঞ্চুরি উপহার দিলেন ইয়র্কশায়ারের হয়ে খেলা ইমাম। তবে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে তার দল। ইয়র্কশায়ারকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে হ্যাম্পশায়ার।

বিজ্ঞাপন

সেমিতে লিয়াম ডসনের ক্যারিয়ার সেরা ইনিংসে ৫০ ওভারে ৩০৪ রান তোলে হ্যাম্পশায়ার। ডসন পাঁচে নেমে ১৩ চার ও ৭ ছক্কায় খেলেন ১১৬ বলে ১৪২ রানের ইনিংস খেলেন। এছাড়া ৪০ বলে অপরাজিত ৬১ করেন স্কট কুরি।

রান তাড়ায় ইমামের সৌজন্যে ইয়র্কশায়ার পথে ছিল দারুণভাবেই। এক পর্যায়ে তাদের রান ছিল ১ উইকেটে ১৪৬। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে তারা। ১৫ চারে ৯৭ বলে ১০৫ রান করে রান আউট হয়ে যান ইমাম।

বৃষ্টির কারণে ইয়র্কশায়ারের লক্ষ্য ছিল ৪১ ওভারে ২৫৪। ৮ উইকেট হারিয়ে তারা করতে পারে ২৩৫। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে হ্যাম্পশায়ার জিতে যায় ১৮ রানে।

ইয়র্কশায়ার বাদ পড়ে গেলেও ইমাম ব্যাটিংয়ে নিজের ছাপ রেখে গেলেন। আসরে ইমামের ইনিংসগুলো যথাক্রমে ৫৫, ১৫৯, ১১৭, ৫৪*, ২২, ১০৬, ৭০ এবং ১০৫। আট ম্যাচে চার সেঞ্চুরি ও তিন ফিফটিতে তার রান ৬৮৮। ব্যাটিং গড় ৯৮.২৮, স্ট্রাইক রেট ৯৭.৪৫।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন