অভিষেক ঝড় থামিয়ে ১৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অভিষেক ঝড় থামিয়ে ১৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অভিষেক শর্মা ৭ রানে জীবন পেয়ে যেভাবে ঝড়ো ব্যাটিং শুরু করেছিলেন তাতে দুইশ ছাড়ানো রান অনায়াসে আসার কথা ছিল। তবে সেটা হতে দিলেন না বাংলাদেশি বোলার-ফিল্ডাররা। অভিষেক ঝড় থামিয়ে ভারতকে আটকে দিলেন ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রানেই। জিততে হলে জাকের আলীর দলের করতে হবে ১২০ বলে ১৬৯ রান।

বিজ্ঞাপন

টস হেরে ব্যাট করতে নেমে শুরুর ৩ ওভারে বাংলাদেশের বোলিংয়ের সামনে ধৈর্য্য দেখান অভিষেক শর্মা ও শুভমান গিল জুটি। এরপরই শুরু করেন ঝড়। নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান যে ঝড়টা টের পেয়েছেন ভালোভাবেই। তাতে পাওয়ার প্লের ছয় ওভারে ভারত তোলে ৭২ রান। এরপরই রিশাদের আঘাত।

পুরো ম্যাচে দারুণ বোলিং করেছেন রিশাদ। ২৩ বছর বয়সী এই লেগ স্পিনার দুটি উইকেট নিয়েছেন। তবে বড় অবদান রেখেছেন ফিল্ডিংয়েও। তার দুর্দান্ত ফিল্ডিংয়েই রানআউট হয়েছেন অভিষেক শর্মা। এর আগে ৬ চার আর ৫ ছক্কায় ৩৭ বলে ৭৫ রান করেছেন অভিষেক।

১২তম ওভারে অভিষেক আউট হওয়ার পর ভারতের রানের চাকাও থমকে যায়। বাংলাদেশের আটসাট বোলিং আর দারুণ ফিল্ডিংয়ে ম্যাচের শেষ ৪৭ বলে ভারত করতে পেরেছে ৫৬ রান। যেখানে মূল ভূমিকা হার্দিক পান্ডিয়ার ২৯ বলে ৩৮ রানের। মাঝ দিয়ে বিদায় নিয়েছেন শিবম দুবে ও সূর্যকুমার যাদব।

বাংলাদেশের পক্ষে রিশাদের দুই উইকেট বাদে একটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিন। উইকেট না পেলেও দুই ওভার হাত ঘুরিয়ে মাত্র ৭ রান দিয়েছেন সাইফ হাসান।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ১৬৮/৬ (অভিষেক ৭৫, পান্ডিয়া ৩৮, গিল ২৯, অক্ষর ১০; রিশাদ ২/২৭, তানজিম ১/২৯, মোস্তাফিজ ১/৩৩, সাইফউদ্দিন ১/৩৭)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...