বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে রেফারিং নিয়ে প্রশ্ন উঠেছে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ফয়সাল আহমেদ ফাহিমকে বক্সে মধ্যে ফেলে দেন সিঙ্গাপুরের ইরফান নাজিব। ফাউল হওয়ায় পেনাল্টির আবেদন করে বাংলাদেশ। কিন্তু পেনাল্টির সিদ্ধান্ত দেননি ফিলিপাইনের রেফারি ক্লিফোর্ড দায়পুয়াত।
এরপর থেকে তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। এমনকি রেফারি দায়পুয়াত ও তার স্ত্রী কেসা রুথকে ব্যক্তিগত আক্রমণ করা হয়। সেটি এমন পর্যায়ে পৌঁছায় যে, রেফারি ও তার স্ত্রী প্রোফাইল লক করতে বাধ্য হয়েছেন!
তাদের ফেসবুক আইডিতে লক দেখা যায়। মূলত ব্যক্তিগত আক্রমণ থেকে বাঁচতেই এমনটা করে থাকতে পারেন তারা। ২০ বছর বয়সে রেফারিং ক্যারিয়ার শুরু হয় দায়পুয়াতের।
২০১৯ সালে ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ইরাক ও কম্বোডিয়ার ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০২১ সালে এফসি কাপের ম্যাচও পরিচালনা করেছেন দায়পুয়াত। কিন্তু এভাবে কখনো বিতর্কের মুখে পড়তে হয়নি তাকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

