আজ উইকেট দেখে কম্বিনেশন ঠিক করবেন কোচ

আজ উইকেট দেখে কম্বিনেশন ঠিক করবেন কোচ

গলে প্রথম দিনের অনুশীলন শেষে উইকেট দেখেছে বাংলাদেশ দল। তবে গতকাল দেখা ওই উইকেটের ওপর এখনই ভরসা করতে পারছেন না হেড কোচ ফিল সিমন্স। বরং আজকের উইকেট দেখে তারপরেই গল টেস্টের কম্বিনেশন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় তিনি। এ ছাড়া অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে নিয়ে সুখবর দেন। তিনি জানান, মিরাজকে গলে সিরিজের প্রথম টেস্টে পাওয়ার ব্যাপারে আশাবাদী।

আগামীকাল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গতকাল কোচ ফিল সিমন্স বলেন, ‘এখনো কম্বিনেশন কেমন হবে ঠিক করিনি। উইকেট দেখে সিদ্ধান্ত নিতে পারব। কাল (আজ) উইকেট দেখে তবেই আমরা কম্বিনেশন নিয়ে ভাবব। উইকেট দেখে মনে হচ্ছে খুব ভালো। কাল (আজ) আবার দেখলে বুঝতে পারব।’

বিজ্ঞাপন

পাশাপাশি মেহেদি হাসান মিরাজকে নিয়েও সিমন্স দিয়েছেন সুখবর। তিনি জানান, মিরাজের জ্বরের তীব্রতা কমেছে। সিমন্সের ভাষ্যমতে, ‘মিরাজের জ্বর। তবে গত কয়েক দিনের চেয়ে আজ (গতকাল) সকালে ভালো দেখেছি। চিকিৎসা চলছে। আশা করি কালকে সে অনুশীলন করতে পারবে।’

মিরাজ না থাকলে গল টেস্টের কম্বিনেশন করা খানিকটা কঠিন হবে সেটা স্বীকার করে সিমন্স বলেন, ‘মিরাজকে নিয়ে সংশয় তো অবশ্যই দুশ্চিন্তার বিষয়। তবে একজনের অনুপস্থিতি মানে অন্য আরেকজনের জন্য সুযোগ। সবাই মন থেকে চাইছে মিরাজ সেরে উঠুক। তবে এটাও জানে, সে যদি না খেলে আমাকে দায়িত্ব নিতে হবে। একটু দুশ্চিন্তা, তবে এই দুশ্চিন্তা থাকা ভালো।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন